গাইবান্ধায় পারিবারিকভাবে বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে উজ্জ্বল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৩ জুন) দুপুরে র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত ৬ জুন গাইবান্ধা সদর থানায় ধর্ষণের মামলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা সদর উপজেলার বেড়াডাঙ্গা গ্রামের মৃত শাহিন মিয়ার ছেলে উজ্জ্বল মিয়ার সঙ্গে ভুক্তভোগী তরুণীর পারিবারিকভাবে বিয়ের কথা চূড়ান্ত হয়েছিল। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে তরুণীকে বাইরে নিয়ে গিয়ে এবং পরে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ২৭ মে এ ঘটনা ঘটে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর পরিবার গত ৭ জুন গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার পর থেকে অভিযুক্ত উজ্জ্বল পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ অভিযান চালিয়ে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে আইনগত প্রক্রিয়া শেষে সদর থানায় হস্তান্তর করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মামলার পর র্যাব আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
/এসএকে