সাবেক পুলিশপ্রধান-ডিএমপি কমিশনারকে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি এসেছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল

2026-06-14T15:03:15+00:00
2026-06-14T15:03:15+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
জাতীয়
‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনিকে হত্যা
সাবেক পুলিশপ্রধান-ডিএমপি কমিশনারকে জিজ্ঞাসাবাদের অনুমতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি
ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি এসেছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অনুষ্ঠিত শুনানিতে এ আদেশ দেওয়া হয়। একইসঙ্গে মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৬ জুন দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারক মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আরও পড়ুন

শুনানিকালে রাষ্ট্রপক্ষ মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে দুই সাবেক পুলিশ কর্মকর্তাকে পৃথকভাবে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চায়। একইসঙ্গে তদন্ত সম্পন্ন করতে অতিরিক্ত সময়ের আবেদন জানানো হয়। ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের উভয় আবেদন মঞ্জুর করেন।

এর আগে সকালে কারাগার থেকে নিরাপত্তার মধ্য দিয়ে দুই সাবেক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে রাজধানী থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাকে ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে প্রচারিত একটি ঘটনায় নিহত দেখানো হয়।

রাষ্ট্রপক্ষের দাবি, ঘটনাটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড এবং পরবর্তীতে সেটিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়। এ অভিযোগের ভিত্তিতেই সাবেক পুলিশপ্রধান ও তৎকালীন ঢাকা মহানগর পুলিশের কমিশনারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বর্তমানে মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বহুল আলোচিত এই মামলায় ট্রাইব্যুনালের সর্বশেষ আদেশকে তদন্তের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবী ও পর্যবেক্ষকরা। বিশেষ করে সাবেক দুই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার মাধ্যমে মামলার অনুসন্ধান কার্যক্রম নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে।

এএডি/


  বিষয়:   সাবেক  পুলিশ  প্রধান  ডিএমপি  কমিশনার  জিজ্ঞাসাবাদ  অনুমতি  ক্রসফায়ার  ছাত্রদল  নেতা  জনি  হত্যা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: