দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পুরোনো বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে বেনজীর আহমেদকে বলতে শোনা যায়, ‘আমি সবসময় সন্ত্রাসীদের বলি, নেভার আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অব দ্য গভর্নমেন্ট, অ্যান্ড দ্য পাওয়ার অব দ্য পিপলস। জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায়, তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সহযোগিতা নিয়ে এই যে হাজার দুয়েক লোক, টোকাই (খুঁজে) নিয়ে আসব আমরা। বাড়ি বাড়ি থেকে টোকাইয়া (খুঁজে) নিয়ে আসব। মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসব।’
বক্তব্যটি ভিডিও শেয়ার করে নেটিজেনরা লিখছেন, বেনজীর আহমেদের কথা তার ওপরই সত্য হলো। সুদূর দুবাইয়ে পালিয়েও গ্রেফতার হলেন তিনি, পেলেন না রক্ষা।
এদিকে, বেনজীরের বিরুদ্ধে দুদকের ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুইটি মামলা পাসপোর্ট জালিয়াতি এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় রেড নোটিশ জারি করা হয়। সেই নোটিশে তাকে গ্রেফতার করা হয়।
/কেএইচও