নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো

সিলেট সংবাদদাতা

রাজনীতি

জাতীয় বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামী নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে উল্লেখ করে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর

2026-06-15T10:01:14+00:00
2026-06-15T10:18:26+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
রাজনীতি
শফিকুর রহমান
নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো
সিলেট সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:০১ এএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ১০:১৮ এএম  (ভিজিট : ২৬)
সংগৃহীত ছবি
জাতীয় বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামী নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে উল্লেখ করে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল যদি আমরা মেনে না নিতাম, তবে দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ছিল। আর যেসব দেশে একবার গৃহযুদ্ধ শুরু হয়েছে, তারা আর সহজে তা থেকে বের হতে পারেনি।

রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের ফলাফলে কারসাজির অভিযোগ এনে জামায়াত আমির বলেন, বিগত সাড়ে ১৭ বছর আমরা একটি অত্যন্ত কঠিন পরিস্থিতি পার করেছি। এরপর জাতি এবার একটি অর্থবহ নির্বাচন আশা করেছিল। আমার ব্যক্তিগত অভিমত—নির্বাচন প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠু হয়েছে, কিন্তু এর ফলাফল সুন্দর হয়নি। ফলাফলে ব্যাপক কারসাজি করা হয়েছে, যা এখন অনেকে মুখেও স্বীকার করছেন। তবে দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা তা মেনে নিয়েছি।

তিনি আরও যোগ করেন, জনগণের রায়কে ব্যর্থ করে কখনো টেকসই গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সরকারি দল ইতোমধ্যে জাতির সঙ্গে দেওয়া ওয়াদা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেফতার হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, বেনজীরকে আটক করার কৃতিত্ব দেশের পুলিশের নয়, এটি ইন্টারপোলের সাফল্য। কারণ বর্তমান সরকার তার বিরুদ্ধে কোনো ‘রেড অ্যালার্ট’ জারি করেনি। তবে বেনজীরের আটক হওয়া বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। এখন তাকে দেশে ফিরিয়ে আনা হবে নাকি তিনি দুবাইয়ের কারাগারেই থাকবেন, তা সম্পূর্ণ নির্ভর করছে বর্তমান সরকারের সদিচ্ছার ওপর।


সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ওপার (ভারত) থেকে ক্রমাগত উসকানি দেওয়া হচ্ছে। আমরা দুই দুইবার স্বাধীন হলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা কি আদৌ পেয়েছি? তবে এটুকু স্পষ্ট—দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনোই কোনো আপস করব না।

সংসদে নিজেদের ভূমিকা কেমন হবে তা স্পষ্ট করে বিরোধীদলীয় এই নেতা বলেন, সংসদে বিরোধী দল কোনো চরমপন্থা অবলম্বন করবে না, বরং মধ্যমপন্থা বা গঠনমূলক ভূমিকা রাখবে। আমরা সংসদকে আর ‘মমতাজের সংসদ’ (গানের আসর বা তামাশার জায়গা) বানাতে চাই না।

সংসদে ধর্মীয় মূল্যবোধে আঘাতের প্রসঙ্গ টেনে তিনি দুঃখপ্রকাশ করে বলেন, আজকেও সংসদে একজন সদস্য দাঁড়িয়ে আল্লাহর বিধান পর্দার বিরুদ্ধে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংকট সমাধানে সরকার যদি সংসদে আন্তরিক না হয়, তবে রাজপথে লড়াই চলবে। তবে সরকার দায়িত্বশীল আচরণ করলে দেশের মঙ্গল হবে।

গাইবান্ধায় রামমন্দির নির্মাণকাজ স্থগিত করার বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির অত্যন্ত ভারসাম্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, দেশে উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এমন কোনো কাজ আমরা সমর্থন করব না। সেটি মুসলমানরা করলেও মেনে নেওয়া হবে না, আবার অন্য কোনো ধর্মের কেউ করলেও মেনে নেওয়া হবে না। এই দেশ আমাদের সবার। যে পদক্ষেপ নিলে দেশের শান্তিশৃঙ্খলা বজায় থাকে, আমাদের সেটাই করতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই।

সময়ের আলো/জোই



  বিষয়:   নির্বাচন  ফলাফল  গৃহযুদ্ধ  ডা. শফিকুর রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: