১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে আগুন

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর নন্দিনী (৭) নামে এক কন্যাশিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার

2026-06-16T15:31:34+00:00
2026-06-16T15:31:34+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে আগুন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ৫০)
সংগৃহীত ছবি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর নন্দিনী (৭) নামে এক কন্যাশিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টা খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুরে শিশুটি নিখোঁজ হয়। নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় উত্তেজিত জনতা প্রতিবেশী রঞ্জিত চন্দ্রের ছেলে বিধান চন্দ্রের (২৩) বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে কয়েকটি ঘর ও ঘরের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে রাখে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলেও উত্তেজনা অব্যাহত থাকে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বহনকারী গাড়িসহ পুলিশের কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করে। স্থানীয় সাংবাদিকদেরও ছবি ও ভিডিও ধারণে বাধা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ সদস্য ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হয়েছেন।


অপরদিকে, নিখোঁজের ঘটনায় আগের দিন জিডি গ্রহণ না করার অভিযোগে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে ক্লোজ করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর আগুনে পোড়া বাড়িতে অবরুদ্ধ থাকা অভিযুক্তের স্বজনদের উদ্ধার করে থানায় নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর থেকে নন্দিনীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রাতে আদিতমারী থানায় নিখোঁজের অভিযোগ দিতে গেলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখার কথা বলে লিখিত অভিযোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন শিশুটির বাবা নলিনী কান্ত।

মঙ্গলবার সকালে আবারও খোঁজাখুঁজির সময় বাড়ির পাশের একটি ভুট্টা খেতে নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে খোঁড়াখুঁড়ি করে বস্তাবন্দি অবস্থায় নন্দিনীর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আগুনে পোড়া বাড়িতে অবরুদ্ধ থাকা ব্যক্তিদের উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

সময়ের আলো/জোই


  বিষয়:   শিশুর মরদেহ  উদ্ধার  অভিযুক্ত  বাড়িতে আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: