ফুটবল ইতিহাসে দুই যুগের দুই মহাতারকা- ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির রেকর্ডের লড়াই যেন চলছেই। এবার সেই প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় লেখা হলো ২০২৬ বিশ্বকাপে। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে রোনালদোর একটি অনন্য রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
বুধবার (১৭ জুন) সকাল ৭টায় অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মেসি। ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে করা তার প্রথম গোল শুধু দলকে এগিয়ে দেয়নি, বরং বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অর্জনের দরজাও খুলে দেয়।
এই গোলের মাধ্যমে মেসি এখন দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করলেন। এতদিন এই বিরল রেকর্ডের একক মালিক ছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই তালিকায় যুক্ত হলো আর্জেন্টাইন কিংবদন্তির নাম।
আরও পড়ুন
এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গোল পেয়েছিলেন মেসি। শুধু ২০১০ বিশ্বকাপে গোলের দেখা পাননি তিনি। দীর্ঘ বিশ্বকাপ যাত্রার ধারাবাহিকতা তাকে আবারও ইতিহাসের পাতায় জায়গা করে দিয়েছে।
একই ম্যাচে আরও একটি বড় মাইলফলক স্পর্শ করেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে তিনি বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজাত ক্লাবে প্রবেশ করেন- যেখানে আগে থেকেই আছেন রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাভা।
এছাড়া ১০ নম্বর জার্সি গায়ে পাঁচটি বিশ্বকাপ খেলে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও পেছনে ফেলেছেন মেসি। ফলে শুধু বর্তমান নয়, ফুটবলের ইতিহাসেও নিজের অবস্থান আরও শক্ত করলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এএডি/