ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় জেলা যুবলীগের নেতা শামীম হোসেন এবং ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম শান্তকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) ঝালকাঠি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুরে ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম কবির হোসেন তাদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।
কারাগারে পাঠানো শামীম শহরের বান্দাঘাট এলাকার সুলতান হোসেনের পুত্র এবং শান্ত বৈদারাপুর এলাকার ইলিয়াস হোসেনের পুত্র।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি ঝালকাঠি পৌরসভাধীন জেলা আইনজীবী সমিতির পেছনের (গণপূর্তের সামনে) এলাকায় বিস্ফোরক মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা হয়। শহর ছাত্রদলের সদস্য সচিব সুমন মন্ডল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
সময়ের আলো/আতা