জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনেই চলছে পাঠদান

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে বিকল্প ব্যবস্থা না

2026-06-17T21:39:23+00:00
2026-06-17T21:39:23+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনেই চলছে পাঠদান
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৩৯ পিএম   (ভিজিট : ১৩)
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা। ছবি : সময়ের আলো
ঝালকাঠির রাজাপুর উপজেলায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় দুটি বিদ্যালয়ে এখনো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চলছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে চরম উদ্বেগ ও আতঙ্ক।

সোমবার (১৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বিদ্যালয় তিনটি পরিদর্শন শেষে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করেন। বিদ্যালয়গুলো হলো— ৯৭ নম্বর দক্ষিণ-পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ নম্বর পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৮৫ নম্বর উত্তর কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সরেজমিনে দেখা যায়, ৯৭ নম্বর দক্ষিণ-পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন বহুতল ভবনে সাময়িকভাবে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। তবে অন্য দুটি বিদ্যালয়ে বিকল্প ব্যবস্থা না থাকায় পরিত্যক্ত ভবনেই ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা।

৮৫ নম্বর উত্তর কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দাস জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ১৯৯৩ সালে চার কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করা হয়। প্রায় এক দশক ধরে ভবনের বিভিন্ন স্থানের পলেস্তরা খসে পড়ে রড বের হয়ে গেছে এবং দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কক্ষসংকট নিরসনে ২০২৪ সালে এলজিইডির অর্থায়নে প্রায় সোয়া দুই লাখ টাকা ব্যয়ে তিন কক্ষের একটি কাঠ ও টিনের ঘর নির্মাণ করা হলেও এর মেঝে কাঁচা হওয়ায় সেখানে পাঠদান অত্যন্ত কষ্টকর। বহুবার পরিদর্শন ও আশ্বাসের পরও নতুন ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, ‘ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস নিতে হচ্ছে।’

৩ নম্বর পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান জানান, ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ২০০১ ও ২০০৬ সালে দুটি ভবন নির্মিত হয়। ইউএনওর পরিদর্শনের পর ২০০৬ সালে নির্মিত ভবন ছাড়া বাকি পুরোনো কক্ষগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তনসহ অন্তত আটটি কক্ষ প্রয়োজন। বর্তমানে ব্যবহারযোগ্য রয়েছে মাত্র দুটি কক্ষ। প্রয়োজনের তুলনায় কক্ষসংখ্যা অনেক কম হওয়ায় নিরুপায় হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।’

অন্যদিকে, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ৯৭ নম্বর দক্ষিণ-পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি কক্ষই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইরানী আক্তার জানান, বর্ষাকালে ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত পাশের মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভবনগুলোর জরাজীর্ণ অবস্থার বিষয়টি উল্লেখ করে নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় বছরের পর বছর পেরিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এর আগেও একাধিকবার নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি। ইউএনও মহোদয় ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করার পর আবারও নতুন করে আবেদন পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, ‘সরেজমিনে পরিদর্শনে গিয়ে ভবনগুলোর অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করেছি। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য। দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জরুরি ভিত্তিতে আবেদন পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   জীবন  ঝুঁকি  পরিত্যক্ত  ভবন  পাঠদান  ঝালকাঠি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: