প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৩:৩১ পিএম
ধোপাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ছবি : সময়ের আলোসিলেটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল বের করার প্রস্তুতিকালে ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর জেলরোড থেকে ধোপাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর জেলরোড থেকে ধোপাদিঘী পর্যন্ত এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের পাঁচটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সিলেটের জকিগঞ্জের হাতিডহর গ্রামের শাহেক আহমেদ (৩২), সেলিম আহমেদ (৩৭) ও মুন্না আহমেদ (২৯), কানাইঘাটের মেছা গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), বীরদল আগফুদ গ্রামের তানিম ইকবাল (১৯) ও সালেহ আহমেদ (১৮), দক্ষিণ সুরমার বড়ইকান্দি গ্রামের ফাহিম হাসান রবি (১৮) ও জুনায়েদ আহমেদ (৩৮), গোপশহর গ্রামের জাকের খান (২৯), কানাইঘাটের মহেশপুর গ্রামের কিবরিয়া আহমেদ (৩০), জয়পুর পূর্ণখলা গ্রামের আলী আহমদ (৪৫) এবং বীরদল ছোটফৌদ গ্রামের এন এম নাদিম (২০)।
পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বড়ো ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার ও জব্দ করা হয়েছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/এনএন