বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে : নাহিদ ইসলাম

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

বিএনপি আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের

2026-11-06T14:57:38+00:00
2026-11-06T14:57:38+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে : নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম 
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি : সময়ের আলো
বিএনপি আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্টের পর গণ-অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে বিএনপি ক্ষমতায় যাওয়াকেই প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছিল।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। সভায় রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার দলীয় নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন নাহিদ ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পণ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

বিএনপি ও সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে মোকাবিলা করতে না পেরে এখন বিএনপি ঐক্যের কথা বলছে। তার অভিযোগ, ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি দলটি।

তিনি বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। অতীতের উদাহরণ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, এর আগে যারা ক্ষমতায় ছিলেন, তারাও অনেক আইন পাস করেছিলেন। কিন্তু সেসব আইন শেষ পর্যন্ত টেকেনি। এভাবে জোর করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির অতীতের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, প্রয়াত বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কথা দলটি ভুলে গেছে। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে চালানো নির্যাতনের কথা বিএনপি এত সহজে কীভাবে ভুলে গেল, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান ঐতিহাসিক ভুলের মাশুল দিয়েছিলেন। সেই ভুলের মাশুল যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে না হয়, সে বিষয়েও সতর্ক করেন এনসিপির আহ্বায়ক।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন নাহিদ ইসলাম। তবে নির্বাচন অনুষ্ঠিত হলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে এককভাবে প্রার্থী দেওয়ার কথা জানান তিনি।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দলটির সঙ্গে এনসিপির জোট হয়েছে এজেন্ডাভিত্তিক। এটি কোনো আদর্শিক জোট নয়।

এনসিপি নেতা সামান্তা শারমিনের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ব্যক্তিগত ও আদর্শিক অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তার জন্য শুভকামনাও জানান এনসিপির আহ্বায়ক।

সময়ের আলো/জোই
  বিষয়:   বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে : নাহিদ ইসলাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: