প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীতগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর শৌচাগার থেকে রাজু নামে হত্যা মামলার এক হাজতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করেন কারারক্ষীরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার।
নিহত রাজু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।
সিনিয়র জেল সুপার জানান, বৃহস্পতিবার বিকেলে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। পরে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে রাজুর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই