প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:০৪ এএম
জামালপুর, ডাব চুরি, কিশোর, ফায়ার সার্ভিস, পুলিশ, নারকেল গাছ, সময়ের আলোজামালপুর পৌরশহরের টিক্কাপট্টি এলাকায় নারকেল গাছ থেকে ডাব চুরি করতে উঠে বিপাকে পড়ে এক কিশোর। গাছের মালিক ও পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশের উপস্থিতি দেখে গাছের ওপরেই অবস্থান নেয় সে। পরে তাকে নামাতে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
দীর্ঘ তিন ঘণ্টা ধরে নানা ভাবে বোঝানোর পর আটক করা হবে না—এমন আশ্বাসে অবশেষে গাছ থেকে নেমে আসে কিশোরটি। এ সময় তার এলাকার লোকজনও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ থেকে নেমে আসতে বললে প্রথমে তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে কিশোরটি। গাছের ওপর থেকে সে প্রশ্ন করে, মাত্র পাঁচটি ডাবের জন্য কেন এত লোক আসতে হয়েছে। এ সময় সে বলে, ‘মাদক কেনাবেচা হয়, বড় বড় চুরি হয়, ব্যাংক ডাকাতি হয়, আপনারা সেগুলো ধরেন। আমারে ধরে কী হবে।’
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে বারবার আশ্বস্ত করেন, আটক করা হবে না এবং পুলিশও চলে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাউকে আটক করেন না বলেও তাকে বোঝানো হয়।
একপর্যায়ে রাত ১২টার দিকে তার এলাকার লোকজন ঘটনাস্থলে এসে তাকে আটক করা হবে না বলে নিশ্চিত করেন। এরপর তাদের উপস্থিতিতে গাছ থেকে নেমে আসে কিশোরটি।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে বুঝিয়ে এবং পুলিশের কাছে না দেওয়ার শর্তে কিশোরটিকে গাছ থেকে নামানো সম্ভব হয়েছে। পরে তাকে তার এলাকার লোকজনের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই