প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:৩২ এএম
ওয়াহেদ আলী পুকুরপাড় জামে মসজিদ। ছবি : সময়ের আলোচট্টগ্রামের বোয়ালখালীতে একটি জামে মসজিদ থেকে মাইকের মেশিন চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর গোমদণ্ডী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওয়াহেদ আলী পুকুরপাড় জামে মসজিদে এ ঘটনা ঘটে। চুরি হওয়া মেশিনটির আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা।
মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার জানান, জোহরের নামাজ শেষে ইমাম ও মুসল্লিরা মসজিদ থেকে বের হয়। এ সময় মসজিদের তিনটি দরজার মধ্যে দুটিতে ছিটকিনি লাগানো ছিল। প্রধান দরজাটিতে তালা লাগানো ছিল।
তার ধারণা, কৌশলে একটি দরজার সিটকানি খুলে ভেতরে প্রবেশ করে মাইকের মেশিনটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ইমাম মোহাম্মদ আরিফুল ইসলাম আসরের নামাজের আজান দিতে এসে মাইকের মেশিনটি দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।
ইমাম মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, আসরের নামাজের আজান দিতে এসে দেখি মাইকের মেশিনটি নেই। পরে বিষয়টি খতিব ও মুসল্লিদের জানাই। মসজিদের মতো পবিত্র স্থান থেকেও এভাবে জিনিসপত্র চুরি হওয়া দুঃখজনক।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাওলানা নুরুল আবছার বলেন, আমরা বর্তমানে এমন সমাজে বসবাস করছি, যেখানে চোরের হাত থেকে একটি মসজিদ ও নিরাপদ নয়।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সময়ের আলো/জোই