সংঘর্ষে একজন নিহত, পুরুষশূন্য ৪০ বাড়িতে তিনদিন ধরে লুটপাট

সুনামগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর প্রতিপক্ষের লোকজনের অন্তত ৪০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের

2026-11-06T11:18:29+00:00
2026-11-06T11:18:29+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
সংঘর্ষে একজন নিহত, পুরুষশূন্য ৪০ বাড়িতে তিনদিন ধরে লুটপাট
সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:১৮ এএম 
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর প্রতিপক্ষের লোকজনের অন্তত ৪০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। টানা তিন দিনের এসব ঘটনায় ৫০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, বাড়ির পুরুষ সদস্যরা গ্রেফতারের ভয়ে এলাকা ছেড়ে যাওয়ায় ফাঁকা বাড়িগুলোতে নির্বিঘ্নে লুটপাট চালানো হয়েছে।

উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের পূর্ব পাশে একটি পতিত জমির দখল নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলী ও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রূপ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৩১ অক্টোবর দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে রূপ মিয়ার চাচাতো ভাই আব্দুল মান্নান (৬৫) নিহত হন। আহত হন দুই পক্ষের ৩০ থেকে ৪০ জন।

হত্যাকাণ্ডের পর আজব আলীর পক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে চলে যান। এরপর তাদের অনুপস্থিতিতে বাড়িগুলোতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। তাদের ভাষ্য, তিন দিন ধরে চলা এসব ঘটনায় ধান-চাল, গবাদিপশু, স্বর্ণালংকার, আসবাবপত্র, কৃষিযন্ত্র, নৌকা ও নগদ টাকা লুট করা হয়েছে।

ভুক্তভোগীদের দেওয়া হিসাব অনুযায়ী, ৪০টি বাড়ি থেকে ৬৫টি গরু, পাঁচটি পাওয়ার টিলার, দুটি মোটরসাইকেল, টিউবওয়েলের পানি তোলার পাঁচটি মোটর, ডিজেলচালিত ২০টি ইঞ্জিন, দুটি ধানমাড়াই কল, শতাধিক বস্তা বোরো বীজধান এবং প্রায় ৪০০ মণ বোরো ধান নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া দুটি ফ্রিজ, ১২টি গ্যাসের চুলা ও সিলিন্ডার, পাঁচ লাখ টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ করেছেন তারা।

হাঁস-মুরগি, নৌকা, গৃহস্থালির আসবাবপত্র ও হাঁড়িপাতিলও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি একটি বাড়ির প্রায় ৫০ কিয়ার জমির খড়ের গাদায় আগুন দেওয়ার কথাও জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

এক নারী অভিযোগ করে বলেন, ‘রাতে এসে ঘরের দরজা খোলার জন্য অনেকে লাথি মেরেছে। ঘরের বেড়ায় লাথি মেরেছে, গালাগাল করেছে। ভয়ে আমরা দরজা খুলিনি। ঘরের বাইরে আমার দুই ছেলের দুটি মেশিন, চারটি গরু ও একটি নৌকা ছিল। সেগুলো নিয়ে গেছে।’

মাসুম মিয়ার স্ত্রী মোছা. আসমিনা বেগম বলেন, ‘বাড়িঘরের সবকিছু লুট করে নিয়ে গেছে। তিন দিনের লুটপাটে আমরা এখন পথের ফকির হয়ে গেছি। ৪০০ মণ ধান, ২০ মণ চাল, তিন ভরি স্বর্ণ, ১৭টি গরু, পাঁচ লাখ টাকা, ফ্রিজ, পানির মোটর, মোটরসাইকেল, ট্রলি, ধান ভাঙানোর মেশিনসহ ঘরে যা ছিল, সব নিয়ে গেছে। আমরা এখন চলব কীভাবে?’

লিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কোনো বাড়িতেই পুরুষ মানুষ নেই। ফাঁকা বাড়ি থেকে গরু-বাছুর, ধান-চাল সব নিয়ে গেছে। এখন পানি খাওয়ার একটি গ্লাসও নেই। ৫০ কিয়ার জমির খড় ছিল, গভীর রাতে আগুন দিয়ে সেগুলো পুড়িয়ে দিয়েছে।’

গ্রেফতারের ভয়ে বাড়িছাড়া এলিম উদ্দিনের ছোট বোন মাহমুদা আক্তার বলেন, ‘এমন ঘটনা জীবনে দেখিনি। ফাঁকা বাড়িতে নারীদের গালাগাল ও হুমকি দিয়ে সবকিছু লুট করে নিয়ে গেছে। আব্দুল মান্নান মারা যাওয়ার পর রূপ মিয়ার লোকজন আমাদের পক্ষের প্রায় ৪০টি বাড়ির কোনো কিছুই রাখেনি।’


তবে লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন রূপ মিয়া। তার দাবি, বিরোধপূর্ণ জমিটি তার বাবার নামে। সেখানে তিনি মাটি ভরাট করেছেন। কিন্তু আজব আলী এখন জমিটির মালিকানা দাবি করছেন। আজব আলীর লোকজনের হামলায় তার ভাই মান্নান নিহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। রূপ মিয়া জানান, সংঘর্ষে তার বাঁ পা ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। এ কারণে তিনি বিছানা থেকে উঠতে পারছেন না।

আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, সংঘর্ষের পর রাতে লুটপাটের ঘটনা ঘটেছে, এটি সত্য। তবে কারা এসব করেছে, তা তিনি জানেন না। একটি বাড়ির বিশাল খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া অনেকে তার কাছে ধান-চাল, পাওয়ার টিলার ও ইঞ্জিন লুট হওয়ার অভিযোগ করেছেন।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার পর সেখানে পুলিশ পৌঁছানোর আগেই কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। বর্তমানে গ্রামের বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। রাতে এ ধরনের ঘটনা ঘটছে বলে শোনা যাচ্ছে। গ্রামের প্রতিটি বাড়িতে পুলিশের পক্ষে যাওয়া কঠিন হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ।

তিনি আরও বলেন, লুটপাটের বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সংঘর্ষে একজন নিহত  পুরুষশূন্য ৪০ বাড়িতে তিনদিন ধরে লুটপাট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: