বরকত অর্জনে যেসব আমল করবেন

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

মানুষের জীবনে সুখ, শান্তি ও সফলতা অর্জনের জন্য শুধু সম্পদের প্রাচুর্যই যথেষ্ট নয়, প্রয়োজন আল্লাহর বরকত। অনেক সময় দেখা যায়,

2026-06-18T09:18:04+00:00
2026-06-18T09:53:20+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ইসলাম
বরকত অর্জনে যেসব আমল করবেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:১৮ এএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৯:৫৩ এএম
প্রতীকী ছবি
মানুষের জীবনে সুখ, শান্তি ও সফলতা অর্জনের জন্য শুধু সম্পদের প্রাচুর্যই যথেষ্ট নয়, প্রয়োজন আল্লাহর বরকত। অনেক সময় দেখা যায়, কারও আয় কম হলেও তার সংসারে শান্তি ও সচ্ছলতা থাকে। আবার কেউ বিপুল সম্পদের মালিক হয়েও অশান্তি ও সংকটে ভোগে। এর অন্যতম কারণ হলো বরকতের উপস্থিতি বা অনুপস্থিতি। তাই ইসলামে বরকতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হিসেবে বিবেচনা করা হয়েছে।

পবিত্র কোরআনে বরকতের গুরুত্ব বহু স্থানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তায়ালা নিজেকে ‘তাবারাকা’ শব্দের মাধ্যমে পরিচয় দিয়েছেন, যার অর্থ মহা বরকতময় ও অসীম কল্যাণের অধিকারী। কোরআনে আল্লাহ বলেন, ‘বরকতময় তিনি, যিনি তাঁর বান্দার ওপর সত্য-মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ অবতীর্ণ করেছেন।’ আবার তিনি বলেন, ‘বরকতময় সেই সত্তা, যার হাতে রয়েছে সর্বময় ক্ষমতা।’

কোরআনে কিছু স্থানকে বিশেষভাবে বরকতময় হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম রয়েছে মক্কা নগরী, যেখানে অবস্থিত পবিত্র কাবা শরিফ। এছাড়া শাম অঞ্চল, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসার আশপাশের এলাকা এবং মিসরের সিনাই উপত্যকাকেও আল্লাহ তাআলা বরকতময় ভূমি হিসেবে আখ্যায়িত করেছেন। এসব স্থানের সঙ্গে নবী-রাসুলদের স্মৃতি, আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ঐতিহাসিক গুরুত্ব জড়িয়ে রয়েছে।

শুধু স্থান নয়, কিছু বস্তু ও সময়কেও কোরআনে বরকতময় বলা হয়েছে। পবিত্র কোরআন নিজেই একটি বরকতময় কিতাব। মানুষের জীবন পরিচালনার জন্য এতে রয়েছে সর্বোত্তম দিকনির্দেশনা। বৃষ্টির পানিকেও বরকতময় বলা হয়েছে, কারণ এর মাধ্যমে পৃথিবী সজীব হয়ে ওঠে এবং মানুষের খাদ্যের ব্যবস্থা হয়। একইভাবে জাইতুন গাছকে বরকতময় গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর সময়ের মধ্যে সবচেয়ে বরকতময় হলো লাইলাতুল কদর, যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল এবং যার মর্যাদা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।


একজন মুসলমানের জীবনে বরকত লাভের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমলের কথাও কোরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে। সেসব আমল নিচে আলোচনা করা হলো।

বরকত অর্জনের আমল

১. আল্লাহর প্রতি দৃঢ় ঈমান ও তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে, মানুষ যদি ঈমান ও তাকওয়া অবলম্বন করে, তবে তিনি আকাশ ও পৃথিবীর বরকতের দ্বার উন্মুক্ত করে দেবেন।

২. নিয়মিত কোরআন তিলাওয়াত ও তার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক যত গভীর হবে, জীবনে তত বেশি কল্যাণ ও প্রশান্তি আসবে। 

৩. আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। নবীজি (সা.) বলেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিজিকে বরকত হয় এবং আয়ু বৃদ্ধি পায়।

৪. ব্যাবসা-বাণিজ্য ও লেনদেনে সততা অবলম্বন করতে হবে। সত্যবাদিতা ও আমানতদারিতা বেচাকেনায় বরকত আনে, আর প্রতারণা ও মিথ্যাচার বরকত নষ্ট করে দেয়। 

৫. সময়ের সঠিক ব্যবহার করতে হবে। বিশেষ করে দিনের শুরুতে কাজ করলে তাতে বরকত আসে। এ কারণেই নবীজি (সা.) তাঁর উম্মতের জন্য ভোরের সময়ের বরকতের দোয়া করেছেন।


বরকত লাভের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। নবী-রাসুলগণও আল্লাহর কাছে বরকতের জন্য প্রার্থনা করেছেন। কারণ প্রকৃত বরকতের মালিক একমাত্র আল্লাহ তাআলা।

পরিশেষে বলা যায়, বরকত শুধু সম্পদের আধিক্যের নাম নয়; বরং অল্পের মধ্যে বেশি কল্যাণ, শান্তি ও উপকার লাভের নামই বরকত। তাই জীবনে প্রকৃত সফলতা অর্জন করতে হলে আল্লাহর নির্দেশনা মেনে চলতে হবে, নেক আমল করতে হবে এবং সর্বদা তাঁর কাছে বরকতের জন্য প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জীবন, সময়, রিজিক ও কর্মে বরকত দান করুন। আমিন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বরকত  অর্জন  আমল  ইসলাম  ধর্ম  জীবন  করোআন 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: