সফলতা মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা। প্রত্যেক মানুষই দুনিয়ায় শান্তি, সম্মান ও কল্যাণময় জীবন কামনা করে এবং আখেরাতে চায় চিরস্থায়ী জান্নাত। কিন্তু প্রকৃত সফলতার সেই পথ কোনটি? পবিত্র কোরআন আমাদের জানিয়ে দেয়, নামাজই হলো সফলতা অর্জনের অন্যতম মাধ্যম।
আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত।’ (সুরা মুমিনুন, আয়াত : ১-২)।
এই আয়াতে সফল মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে নামাজে ‘খুশু-খুজু’ বা একাগ্রতা ও বিনয়ের কথা উল্লেখ করা হয়েছে। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি মানুষের চরিত্র গঠন করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত করে।
যে ব্যক্তি নিয়মিত ও আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করে, তার জীবন অন্যায়, অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা আনকাবুত, আয়াত : ৪৫)।
নামাজ আল্লাহর রহমত লাভেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। কোরআনে এসেছে, ‘তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং নবীজি (সা.)-এর আনুগত্য করো, যাতে তোমাদের ওপর রহমত বর্ষণ করা হয়।’ (সুরা নুর, আয়াত : ৫৬)
পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের গুনাহ মুছে দেয় এবং জীবনকে পবিত্র করে। নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের কারও বাড়ির সামনে যদি একটি নদী থাকে এবং সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তবে তার শরীরে কোনো ময়লা থাকবে কি?’ সাহাবিরা বললেন, ‘না।’ তখন তিনি বললেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণও তাই। এর মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহসমূহ মুছে দেন।’ (মুসলিম, হাদিস : ৬৬৭)
নবীজি (সা.) আরও বলেছেন, যে ব্যক্তি গুরুত্বসহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এবং তাতে অবহেলা করবে না, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর প্রতিশ্রুতি দিয়েছেন। (আবু দাউদ, হাদিস : ৪২৫)
অতএব, নামাজ মানুষের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে, পাপ থেকে মুক্ত রাখে, আল্লাহর রহমত লাভের পথ খুলে দেয় এবং আখেরাতে জান্নাতের সুসংবাদ এনে দেয়। তাই আসুন, আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের প্রকৃত সফলতা লাভের চেষ্টা করি।
সময়ের আলো/এসএকে