খুলনায় গৃহকর্মীকে শারীরিক নির্যাতন ও অমানবিক আচরণের অভিযোগে এক পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরই অভিযুক্ত সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভুক্তভোগী গৃহকর্মী মিলন চন্দ্র দাশের মা মিনতি রানী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্তদের আটক দেখানো হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়।
এর আগে বুধবার বিকেলে ঘটনার পরপরই পুলিশ দম্পতিকে থানায় হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, বুধবার দুপুরে রান্না করতে গিয়ে তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মী মিলনের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। অভিযোগ রয়েছে, ওই সময় পপি মিত্র তাকে মারধর করেন এবং গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দেওয়ার মতো গুরুতর নির্যাতনের ঘটনা ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নরসিংদীর মনোহরদী উপজেলার এক পরিবারের মেয়ে মিলন চন্দ্র দাশ প্রায় পাঁচ বছর ধরে এএসআই সঞ্জয় মিত্রের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে তাকে উদ্ধার করা হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি আরও জানান, ভুক্তভোগীর পরিবারের সদস্যরা খুলনায় এসে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকেই এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।