আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি বাজারে আগুন লেগে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা

2026-06-18T15:25:11+00:00
2026-06-18T15:25:11+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:২৫ পিএম 
আগুনে ক্ষতিগ্রস্থ দোকান। ছবি : সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি বাজারে আগুন লেগে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে একজন মারা গেছেন, দগ্ধ হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী ভেন্নাতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত বাবুল মোল্যা (৩৫) বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের বাসিন্দা ও পেশায় নসিমন চালক ছিলেন।

স্থানীয়রা জানান, ভোররাতে প্রথমে বাজারের একটি দোকানে আগুন লাগে। তারপর অল্প সময়েই আগুন আশপাশে ছড়িয়ে পড়লে অনেকের সঙ্গে আগুন নেভাতে এগিয়ে যান বাবুল মোল্যা। এ সময় একটি দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বাবুলসহ ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্যাকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’

এদিকে, চার কন্যা সন্তানের জনক বাবুল ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এমন আকস্মিক মৃত্যুতে তার বাড়িতে চলছে শোকের মাতম। 

বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘অন্যকে সহযোগিতা করতে গিয়ে বাবুলকে জীবন দিতে হলো। ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।’ 

তিনি মৃতের পরিবারকে ব্যক্তিগতভাবে সহায়তা করার আশ্বাস দেন এবং সরকারের পক্ষ থেকেও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সময়ের আলো/মহু



  বিষয়:   আগুন  সিলিন্ডার  বিস্ফোরণ  যুবক  মৃত্যু  ফরিদপুর  আলফাডাঙ্গা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: