পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠাভ্যাস বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়।
বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শিরিন বানু।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. বিলকিস আকতার, মো. আ. রশিদ, মো. জুয়েল রানা মনিরসহ উপস্থিত অভিভাবকবৃন্দ।
আয়োজকরা জানান, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং পড়াশোনায় অধিক মনোযোগী করতে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূলত অভিভাবকদের পাঠদানে সরাসরি সম্পৃক্ত করতেই এই বিশেষ সমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, মা-ই হলো শিশুর প্রথম শিক্ষক। বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি বাড়িতে শিশুর নিয়মিত পড়াশোনা তদারকি এবং নৈতিকতা শিক্ষায় মায়েদের সচেতনতা অপরিহার্য।
সমাবেশে শিক্ষার্থীদের দৈনিক উপস্থিতি নিশ্চিতকরণ ছাড়াও কাব স্কাউটের দীক্ষা অনুষ্ঠান, হলদে পাখি কার্যক্রম এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার বিশেষ প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শিরিন বানু তার সমাপনী বক্তব্যে বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটা সুদৃঢ় সমন্বয় প্রয়োজন। মায়েরা যদি সচেতন হন, তবে এই খুদে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং ঝরে পড়ার হার শূন্যে নেমে আসবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই