কুমিল্লার নাঙ্গলকোটে কোহিনুর আক্তার (৩৬) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) ভোরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের তুগুরিয়া-নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নিহত কোহিনুর আক্তার ওই গ্রামের প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী।
নিহতের পরিবারের অভিযোগ, কোহিনুর দীর্ঘদিন ধরে শ্বশুর জয়নাল আবেদীন ও স্থানীয় যুবদল নেতা তোফায়েল আহমেদের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার ছিলেন। তারা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ করতেও বাধা দিতেন বলে অভিযোগ করেন স্বজনরা।
নিহতের বড় ভাই বেল্লাল হোসেন জানান, শনিবার ভোরে তাদের ফোন করে কোহিনুরের মৃত্যুর খবর জানানো হয়। পরে তারা ঘটনাস্থলে এসে বোনের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এ মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে নিহতের পরিবার হত্যার অভিযোগ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই