আমেরিকা বিশ্বকাপে মেসির জার্সি দেখেছেন? যে জার্সি গায়ে জড়িয়ে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। কিন্তু জানেন কি, এই জার্সিটি ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সি? এর চেয়ে মর্যাদার জার্সি আর কেউই গায়ে জড়াতে পারেননি। দামের দিক থেকে নয়, বরং মর্যাদার কথা বিবেচনা করলে এর চেয়ে সম্মানজনক জার্সি আর কোনো ফুটবলার কখনও গায়ে জড়াতে পারেননি। চলুন দেখে নেওয়া যাক, কেন মেসির বিশ্বকাপের জার্সি ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ?
আর্জেন্টিনার জার্সিতে রয়েছে একটি বিশেষ প্যাচ, যা শুধু বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের জার্সিতেই থাকে। অবশ্য এটি আর্জেন্টিনার আরও ২৫ জন ফুটবলারের জার্সিতেও রয়েছে। এছাড়া তার ডান হাতে আছে সোনালি রঙের ফিফা প্যাচ। অতীতে যারা বিশ্বকাপ জিতেছে, সেই দেশগুলোর জার্সিতেও এই প্যাচ রয়েছে। অর্থাৎ এই দুটি প্যাচ আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়ের জার্সিতেই রয়েছে।
তার হাতে থাকা অধিনায়কত্বের আর্মব্যান্ডে লেখা রয়েছে ‘ইউনাইটেড ফর পিস’, যার অর্থ ‘শান্তির জন্য ঐক্যবদ্ধ’।
অবশ্য এখানেই শেষ নয়। তার হাতে রয়েছে আরও দুটি বিশেষ প্যাচ। ফিফা বিশ্বকাপের সোনালি লোগোর ঠিক নিচে রয়েছে লেগেসি প্যাচ। এটি শুধু সেই ফুটবলারদের দেওয়া হয়, যারা অন্তত পাঁচটি বিশ্বকাপে মাঠে নেমেছেন। এবারের বিশ্বকাপে এই বিশেষ প্যাচ দেখা গেছে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ম্যানুয়েল নয়্যারের মতো কিংবদন্তিদের জার্সিতে।
তবে মেসির অর্জন এখানেই শেষ হয়ে যায়নি। রেকর্ড সর্বোচ্চ পাঁচটি প্যাচ নিয়েই মাঠে নেমেছেন তিনি। সবশেষ যে প্যাচটি তার হাতে রয়েছে, সেটি হলো গোল্ডেন বল প্যাচ। অতীতে যারা বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন, তাদের জার্সিতেই এই প্যাচ আছে।
সব মিলিয়ে বিষয়টি স্পষ্ট— বিভিন্ন প্যাচ বিভিন্ন ফুটবলারের জার্সিতে থাকলেও, মোট পাঁচটি প্যাচ রয়েছে একমাত্র মেসির জার্সিতে। এটি আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের জন্য এক অনন্য সম্মান। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো ফুটবলার একটি জার্সিতে এতগুলো বিশেষ প্যাচ বহন করেননি। সম্মানের বিচারে এই জার্সির মর্যাদা যে কতটা উঁচুতে, সেটাই যেন প্রমাণ করে এই বিরল অর্জন। একমাত্র মেসিই এমন সম্মান অর্জন করে পাঁচটি বিশেষ প্যাচসহ বিশ্বকাপে মাঠে নামতে পেরেছেন।
সময়ের আলো/ইউএমএইচ