চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি মিষ্টির দোকান ও একটি খাবার হোটেলকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২১ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ওই বাজারের মুসলিম সুইটমিট, বিসমিল্লাহ সুইটমিট, ইসলামিয়া সুইটমিট, জগন্নাথ মিষ্টি ভাণ্ডার এবং বন্ধু হোটেল-এ তদারকি করা হয়।
এ সময় চারটি মিষ্টির দোকানকে মোট ৫০ হাজার টাকা এবং একটি খাবার হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এসব অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানকালে সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা, বাজারের ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত, খাবারে ভেজাল এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি মিষ্টির দোকান ও একটি খাবার হোটেলকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান উপজেলার বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই