ফিফা বিশ্বকাপে আজ ‘জি’ গ্রুপের এক হাইভোল্টেজ ম্যাচে ইউরোপীয় পরাশক্তি বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে এশিয়ান জায়ান্ট ইরান। নিজেদের প্রথম ম্যাচে উভয় দলই ড্র করায় নকআউট পর্বে যাওয়ার সমীকরণ মেলাতে দু'দলের জন্যই এই ম্যাচটি অত্যন্ত ভাগ্যনির্ধারক ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ঐতিহ্যবাহী সোফি স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় আজ রোববার (২২ জুন) দিবাগত রাত ১টায় (সোমবার প্রথম প্রহর) শুরু হয়।
চলতি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে মিশরের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল বেলজিয়ামকে। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুই দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতায় খেলা শেষ করে মাঠ ছাড়ে ইরান। ফলে আজ দ্বিতীয় ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে মরিয়া হয়ে মাঠে নামবে দুই দলই।
আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের আক্রমণের প্রধান ভরসা হিসেবে থাকছেন তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু, চার্লস ডি কেটেলারে ও লিয়ান্দ্রো ট্রোসার্ড। বিপরীতে ইরানের বড় স্বপ্ন ও আস্থার প্রতীক দলের অধিনায়ক মেহদি তারেমি এবং অভিজ্ঞ ডিফেন্ডার রামিন রেজাইয়ান।
ফুটবল বিশ্লেষকদের মতে, নকআউট পর্বের টিকিট পাওয়ার লড়াইয়ে দু'দলের জন্যই ম্যাচটি হতে যাচ্ছে মস্ত বড় এক অগ্নিপরীক্ষা।
বিশ্বকাপের ইতিহাসে বেলজিয়াম ও ইরানের জাতীয় দলের এটিই প্রথম মুখোমুখি লড়াই। তবে অতীতের পরিসংখ্যান কিন্তু এশিয়ান জায়ান্ট ইরানের পক্ষে কথা বলছে না। বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা নিজেদের ১৯টি ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জয়ের দেখা পেয়েছে ইরান।
আর বৈশ্বিক এই মঞ্চে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলা ১০টি ম্যাচের মধ্যে ৭টিতেই হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে তাদের।
সময়ের আলো/জেডি