২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে রাজনৈতিক কারণে পদোন্নতি-পদায়নবঞ্চিত এবং হয়রানির শিকার অবসরপ্রাপ্ত-অকালীন অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য ৫ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৪ শাখা থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ৭ জন অবসরপ্রাপ্ত ও অকালীন অবসরপ্রাপ্ত কর্মকর্তার আবেদন যাচাই-বাছাইসহ এ বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সর্বোচ্চ এক মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের ১ জন প্রতিনিধি, অর্থ বিভাগের ১ জন প্রতিনিধি এবং আইন ও বিচার বিভাগের ১ জন প্রতিনিধি। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রতিনিধিদের পদমর্যাদা যুগ্ম সচিবের নিচে হবে না।
আরও বলা হয়েছে, কমিটি আবেদনকারীদের দাখিল করা তথ্য-নথিপত্র যাচাই-বাছাই করে পদোন্নতি ও পদায়নবঞ্চনার অভিযোগের সত্যতা পর্যালোচনা করা হবে। তবে যেসব বিষয়ে আদালতের সুস্পষ্ট আদেশ রয়েছে, সেসব বিষয় কমিটির কার্যপরিধির বাইরে থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৪ শাখা কমিটির সচিবালয় হিসেবে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে। এ ছাড়া কমিটির সদস্যরা সুপিরিয়র সিলেকশন বোর্ডের সদস্যদের মতো প্রতি সভার জন্য সমপরিমাণ সম্মানী পাবেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাজনৈতিক বৈষম্য ও প্রশাসনিক বঞ্চনার অভিযোগে ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার এ উদ্যোগ প্রশাসনে ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সময়ের আলো/মহু