বিশ্বকাপের বিগ ম্যাচে ‘টফি’র অ্যাপ ডাউন, গ্রাহক ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই চরম ভোগান্তি ও প্রতারণার শিকার হয়েছেন দেশের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-এর হাজার হাজার

2026-06-23T18:29:52+00:00
2026-06-23T18:29:52+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রযুক্তি
বিশ্বকাপের বিগ ম্যাচে ‘টফি’র অ্যাপ ডাউন, গ্রাহক ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:২৯ পিএম 
বিশ্বকাপের বিগ ম্যাচে ‘টফি’র অ্যাপ ডাউন। সংগৃহীত ছবি
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই চরম ভোগান্তি ও প্রতারণার শিকার হয়েছেন দেশের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-এর হাজার হাজার গ্রাহক। বিশ্বকাপ ফুটবল নির্বিঘ্নে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে সাবস্ক্রিপশন ফি নিলেও, হাইভোল্টেজ ম্যাচের মূল মুহূর্তেই সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রতিষ্ঠানটি।  

সোমবার (২২ জুন) রাতে ‘জে’ গ্রুপের আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন লাখো ফুটবলপ্রেমী। কিন্তু রাত ১১টায় ম্যাচটি শুরু হওয়ার পরপরই ঘটে চরম বিপর্যয়। 

টাকা দিয়ে নিয়মিত সাবস্ক্রিপশন নেওয়ার পরও হাজার হাজার গ্রাহক অ্যাপেই প্রবেশ করতে পারেননি। আর যারাও বা অনেক চেষ্টার পর ঢুকতে পেরেছেন, তাদের স্ক্রিন জুড়ে দেখা গেছে শুধু অবিরাম ‘বাফারিং’ আর কারিগরি ত্রুটির (টেকনিক্যাল এরর) বার্তা। 

ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, টুর্নামেন্ট শুরুর আগে ‘বিনা বাধায় ও এইচডি কোয়ালিটিতে’ খেলা দেখার চটকদার বিজ্ঞাপন দিয়ে টফি কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু আসল সময়ে সার্ভার ক্র্যাশ করায় খেলা দেখা তো দূরের কথা, অ্যাপে লগ-ইন করাই অসম্ভব হয়ে পড়ে। 

ম্যাচ চলাকালীন ও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে টফির বিরুদ্ধে ক্ষোভের জোয়ার বয়ে যায়। অনেক ভুক্তভোগী একে কেবল কারিগরি ত্রুটি হিসেবে মানতে নারাজ; বরং একে গ্রাহকদের পকেট কাটার এক অভিনব ‘ডিজিটাল প্রতারণা’ হিসেবে আখ্যা দিয়েছেন। 

অভি নাথ নামে এক ক্ষুব্ধ গ্রাহক ফেসবুকের একটি ফুটবল গ্রুপে লিখেছেন, ‘টফির বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নেওয়া দরকার। তারা না দিতে পারছে ভালো কোয়ালিটি, না দিতে পারছে বাফারিং ছাড়া স্ট্রিমিং। সোমবার রাতে তো খেলাই দেখতে পারিনি। শেষ পর্যন্ত মোবাইলের অন্য মাধ্যমে ও টিভিতে খেলা দেখতে হয়েছে। সার্ভার লোড নেওয়ার ক্ষমতা না থাকলে তারা স্ট্রিমিংয়ের ব্যবসা কেন করছে?’   

আরেক ভুক্তভোগী নিজের কষ্টের কথা জানিয়ে লিখেছেন, ‘টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনেছিলাম আর্জেন্টিনা-অস্ট্রিয়ার মতো বিগ ম্যাচ দেখব বলে। অথচ প্রথমার্ধ শেষ হয়ে গেল, অ্যাপেই ঢোকা গেল না! আমাদের ফুটবল আবেগের দাম না থাক, আমাদের কষ্টের টাকার জবাব কে দেবে?’ 

গ্রাহকদের এই ক্ষোভের সত্যতা মিলল টফির অফিশিয়াল ফেসবুক পেজেও। সেখানে দেখা যায়, হাজার হাজার ব্যবহারকারী খেলা দেখতে না পেরে টফির বিভিন্ন পোস্টে নেতিবাচক মন্তব্য ও তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। বেশিরভাগেরই কমেন্ট ছিল— টাকা দিয়েও আর্জেন্টিনার ম্যাচ দেখা যাচ্ছে না, সার্ভার ডাউন কিংবা অ্যাপে প্রবেশ করলেই কারিগরি ত্রুটির বার্তা দেখাচ্ছে। 


অনুসন্ধানে জানা গেছে, কেবল আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচই নয়, এর আগের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচেও টফির লাইভ স্ট্রিমিংয়ে মারাত্মক ল্যাগ এবং লোডিং সমস্যা দেখা গিয়েছিল। তখনও গ্রাহকদের আপত্তির মুখে প্রতিষ্ঠানটি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল। কিন্তু আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচের দিন টফির পুরো সিস্টেম এভাবে হুড়মুড়ে ভেঙে পড়া প্রমাণ করে, বিপুলসংখ্যক ব্যবহারকারীর চাপ নেওয়ার মতো ন্যূনতম ব্যাকআপ বা সার্ভার সক্ষমতা তাদের ছিল না। 

গ্রাহক ভোগান্তি ও অভিযোগের বিষয়ে টফি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গণমাধ্যমকে বলেন, ‘গত রাতে টফিতে লাইভ স্ট্রিমিং চলাকালে কিছু ব্যবহারকারী সাময়িকভাবে বিঘ্নের সম্মুখীন হয়েছেন। বিষয়টি জানার পর আমাদের কারিগরি দল দ্রুত তা সমাধান করেছে। নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে আমাদের টিম সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সাময়িক এই অসুবিধায় টফি ব্যবহারকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

তবে টফি কর্তৃপক্ষের এই আমলাতান্ত্রিক ব্যাখ্যায় শান্ত হতে পারছেন না সাধারণ ব্যবহারকারীরা। ভোক্তাদের দাবি— অনতিবিলম্বে এই কারিগরি ব্যর্থতার দায় নিয়ে টফিকে গ্রাহকদের সাবস্ক্রিপশন ফি ফেরত দিতে হবে। 

একই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই প্রকাশ্য ডিজিটাল ভোগান্তির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বিশ্বকাপ  ম্যাচ  টফি অ্যাপ  ডাউন  গ্রাহক ভোগান্তি 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: