ভিডিও দেখার পাশাপাশি অ্যাপে সরাসরি পণ্য কেনাকাটা আরও সহজ করতে দুটি নতুন সুবিধা যুক্ত করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। এগুলো হলো— কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ‘শপিং অ্যাসিস্ট্যান্ট’ এবং অ্যাপের ভেতরেই এক ক্লিকে কেনাকাটা সম্পন্ন করার সুবিধা।
এআই শপিং অ্যাসিস্ট্যান্ট : নতুন চালু করা ‘শপিং অ্যাসিস্ট্যান্ট’ হলো একটি কথোপকথনভিত্তিক এআই প্রযুক্তি। এটি ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ মনে রেখে কেনাকাটার যেকোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কোনো পণ্য সম্পর্কে প্রশ্ন করলে এই সহকারী তার বিস্তারিত বিবরণ, আকার (সাইজ), স্টক আছে কি না এবং সরবরাহের তথ্য দ্রুত জানিয়ে দেবে। প্রয়োজনে কেনাকাটা সম্পন্ন করতেও সরাসরি দিকনির্দেশনা দেবে।
অ্যাপের ভেতরেই এক ক্লিকে কেনাকাটা : এখন থেকে টিকটকের ‘ফর ইউ’ পাতায় ভিডিও দেখার সময়ই পছন্দ হওয়া ব্র্যান্ডের পণ্য কেনা যাবে। এর জন্য কোনো বহিরাগত ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নেই। নতুন সুবিধার ফলে ব্যবহারকারীরা অ্যাপের ভেতর থেকেই পণ্যের তথ্য যাচাই ও লেনদেন সম্পন্ন করতে পারবেন। সেবাটি নির্বিঘ্নে চালু করতে সেলসফোর্স, শপিফাই ও স্ট্রাইপের মতো শীর্ষস্থানীয় বাণিজ্য ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে টিকটক।
ই-কমার্সে টিকটকের প্রভাব : এতদিন টিকটকের মূল বাণিজ্যিক কার্যক্রম অ্যাপের ‘টিকটক শপ’ কেন্দ্রিক হলেও নতুন এই পরিবর্তনের ফলে পুরো অ্যাপজুড়েই কেনাকাটার পথ সুগম হলো। টিকটকের সাম্প্রতিক অর্থনৈতিক প্রভাব সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, অ্যাপটির কার্যক্রম যুক্তরাষ্ট্রে প্রায় ৮ হাজার ১০০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করেছে। দেশটির ৫ কোটি ৪০ লাখ মানুষ স্বীকার করেছেন, তারা টিকটকের ভিডিও দেখে পণ্য কিনেছেন।
ই-মার্কেটারের হিসাব অনুযায়ী ২০২৫ সালে শুধু যুক্তরাষ্ট্রে টিকটক শপের মাধ্যমে আনুমানিক ১ হাজার ৫৮০ কোটি ডলার সমপরিমাণ পণ্য বিক্রি হয়, যা দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বাণিজ্যের প্রায় ১৮ শতাংশ। ভিডিও বিনোদনের পাশাপাশি সোশ্যাল কমার্স বা ই-কমার্সে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতেই টিকটকের নতুন এই পদক্ষেপ।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও