
জীবাণুর জৈব তন্তু শক্ত করে বালু, যা পানির নিচেও আকৃতি ধরে রাখে । ছবি : খলিফা বিশ্ববিদ্যালয়
জীবাণুর জৈব তন্তু শক্ত করে বালু, যা পানির নিচেও আকৃতি ধরে রাখে । ছবি : খলিফা বিশ্ববিদ্যালয়এক মুঠো বালুতে পানি ঢাললে তা বেশিক্ষণ আটকে থাকে না। চোখের সামনেই বালুকণার ফাঁক গলে নিচে নেমে যায় পানি। ফলে গাছের শিকড়ের কাছে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তার ওপর বাতাসে উড়ে যায় আলগা বালু। এমন মাটিতে উদ্ভিদ জন্মানো যে কতটা কঠিন, তা সহজেই অনুমেয়। তবে এই সমস্যার সমাধানে এবার প্রকৃতিরই এক ক্ষুদ্র শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা। ব্যাকটেরিয়া ও ছত্রাকের তৈরি অতি সূক্ষ্ম তন্তু দিয়ে বালুকণাগুলোকে একটির সঙ্গে আরেকটি জুড়ে তৈরি করছেন শক্ত কাঠামো। পরীক্ষায় দেখা গেছে, এই পদ্ধতিতে বালুর মধ্য দিয়ে পানি চুইয়ে পড়ার হার ছয়গুণ কমানো সম্ভব। আর আলাদাভাবে তৈরি ব্যাকটেরিয়ার সেলুলোজের পাতলা স্তর ব্যবহার করে পানি চলাচলের হার কমেছে প্রায় ২৮ গুণ। গবেষকরা এই নতুন উপাদানের নাম দিয়েছেন ‘লিভিং স্যান্ড’। তথ্যসূত্র : খলিফা বিশ্ববিদ্যালয়, নিউ অ্যাটলাস, সায়েন্স অ্যালার্ট।
সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়, সুইজারল্যান্ডের এমপা গবেষণা প্রতিষ্ঠান এবং জুরিখের ইটিএইচ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে এ গবেষণা করেছেন। তাদের গবেষণাপত্র প্রকাশ হয়েছে কার্বোহাইড্রেট পলিমার্স সাময়িকীতে।
প্রকৃতিতে মাটির কণাগুলোকে একসঙ্গে ধরে রাখতে গাছের শিকড়, ছত্রাকের সূক্ষ্ম তন্তু ও অণুজীবের তৈরি বিভিন্ন জৈব পদার্থ ভূমিকা রাখে। গবেষকরা সেই প্রাকৃতিক প্রক্রিয়াকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। এ জন্য তারা সেলুলোজ তৈরি করতে সক্ষম কোমাগাটাইব্যাক্টার মেডেলিনেনসিস নামের একটি ব্যাকটেরিয়া এবং শিজোফিলাম কমিউন প্রজাতির দুটি ছত্রাকের সাহায্য নেন।
উদ্ভিদের কোষপ্রাচীরের অন্যতম প্রধান উপাদান সেলুলোজ। কিছু ব্যাকটেরিয়াও অতি সূক্ষ্ম সেলুলোজ তন্তু তৈরি করতে পারে। এসব তন্তু বালুকণার গায়ে আটকে একটির সঙ্গে আরেকটিকে যুক্ত করে জালের মতো কাঠামো গড়ে তোলে। এতে আলগা বালুও কিছুটা দৃঢ় হয়ে ওঠে।
পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতের আল আইন এলাকার বালিয়াড়ি থেকে বালু সংগ্রহ করেন গবেষকরা। পাশাপাশি কিছু পরীক্ষায় মানসম্মত পরীক্ষাগারের বালুও ব্যবহার করা হয়। প্রথমে বালু জীবাণুমুক্ত করে তাতে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সঙ্গে প্রয়োজনীয় পুষ্টি উপাদান মেশানো হয়। অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, ব্যাকটেরিয়ার তৈরি সেলুলোজ তন্তু বালুকণার গায়ে আটকে সেগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছে।
পরীক্ষায় ব্যাকটেরিয়ার তৈরি তন্তু ছত্রাকের তুলনায় বেশি কার্যকর ছিল। মাত্র সাত দিনে প্রায় ছয় সেন্টিমিটার উঁচু বালুর একটি স্তম্ভ এতটাই শক্ত হয়ে ওঠে যে ছাঁচ থেকে বের করে টুকরো করার পরও তা ভেঙে পড়েনি। এমনকি পানিতে রাখার পরও টুকরোগুলো অক্ষত ছিল। অন্যদিকে ছত্রাকের তৈরি নমুনাগুলো তুলনামূলক ভঙ্গুর ছিল। ছাঁচ থেকে বের করা কিংবা শুকানোর পর কাটার সময় সেগুলোর কিছু অংশ ভেঙে যায়।
গবেষকরা বালুর মধ্যে সরাসরি জীবাণু বাড়ানোর পাশাপাশি আরেকটি পদ্ধতিও পরীক্ষা করেন। এতে ব্যাকটেরিয়ার সাহায্যে আলাদাভাবে সেলুলোজের পাতলা চাদর তৈরি করে সেগুলো বালুর বিভিন্ন স্তরের মাঝখানে বসানো হয়। এই চাদর শক্তিবর্ধক স্তর হিসেবে কাজ করে। এক পরীক্ষায় ১০ কেজি ওজনের ভার প্রয়োগ করে দেখা যায়, সাধারণ বালুর তৈরি নমুনার তুলনায় সেলুলোজের স্তরযুক্ত নমুনা অনেক বেশি স্থিতিশীল ছিল।
পানি চলাচলের পরীক্ষা করতে বালুভর্তি নলে পানি ঢেলে নিচ দিয়ে বের হওয়ার গতি পরিমাপ করেন গবেষকরা। এতে সরাসরি জীবাণু ব্যবহারের পদ্ধতিতে পানি চুইয়ে পড়ার হার সাধারণ বালুর তুলনায় ছয়গুণ কম পাওয়া যায়। আর সেলুলোজের পাতলা স্তর বসালে পানি চলাচলের হার নেমে আসে সাধারণ বালুর প্রায় ২৮ ভাগের এক ভাগে। তবে সরাসরি তন্তু তৈরি করা বালুর পানি ধারণক্ষমতা ২০ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ২৫ দশমিক ৫ শতাংশ হয়েছে। অর্থাৎ পানি ধরে রাখার ক্ষমতায় উন্নতি হলেও তা তুলনামূলক সামান্য।
গবেষকদের ধারণা, এই জৈব তন্তু মাটি শক্ত করতে ব্যবহৃত কিছু কৃত্রিম উপাদানের পরিবেশবান্ধব বিকল্প হতে পারে। বালুকণাগুলোকে একসঙ্গে আটকে রাখার ফলে বাতাসে বালু উড়ে যাওয়াও কমতে পারে। তবে এ পরীক্ষায় ধুলা ছড়ানোর পরিমাণ কিংবা উদ্ভিদের বৃদ্ধি সরাসরি পর্যবেক্ষণ করা হয়নি।
আপাতত গবেষণাটি পরীক্ষাগারেই সীমাবদ্ধ। জীবাণুগুলোর বৃদ্ধির জন্য সেখানে নিয়ন্ত্রিত পরিবেশে পানি, পুষ্টি উপাদান ও অক্সিজেন সরবরাহ করতে হয়েছে। বালুর স্তরের সব জায়গায় জীবাণুর বৃদ্ধিও সমান ছিল না। মরুভূমির প্রচণ্ড তাপ, পানির স্বল্পতা ও প্রতিকূল পরিবেশে এই তন্তু কত দিন টিকে থাকবে, তা এখনও জানা যায়নি।
সময়ের আলো/প্রিন্ট/এসকে