ছবি : সংগৃহীত দেশে ১৬ বছর বা তার কম বয়সি শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রুলে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, সেটাও জানতে চেয়েছেন আদালত। এ ছাড়া সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিতে টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।
রুলে ১৬ বছর বা তার কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) গবেষণার তথ্য তুলে ধরে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট। রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তারা নানা ধরনের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ।
রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ঢাকার স্কুলপড়ুয়া শিশুদের ৮৩ দশমিক ৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল পর্দার সামনে কাটায়। অর্থাৎ গবেষণায় অংশ নেওয়া ৪২০ শিশুর মধ্যে ৩৫০ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহার করে।
২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ থেকে ১৪ বছর বয়সি ৪২০ শিশুর ওপর গবেষণাটি পরিচালিত হয়। এর মধ্যে তিনটি বাংলা মাধ্যম ও তিনটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। গবেষণার ফলাফল ২০২৬ সালের ৪ মে আন্তর্জাতিক সাময়িকী ‘জেএমআইআর হিউম্যান ফ্যাক্টরস’-এ প্রকাশিত হয়। গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রতিদিন গড়ে ৪ দশমিক ৬ ঘণ্টা স্ক্রিনের সামনে কাটানোর তথ্য পাওয়া গেছে। গবেষকদের হিসাবে, দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহারকারী শিশুদের গড় ব্যবহারকাল ছিল প্রায় ৫ ঘণ্টা। অর্থাৎ শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের সময় আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সীমার চেয়ে অনেক বেশি।
এদিকে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে চোখের সমস্যা, মাথাব্যথা ও ঘুমের ঘাটতিসহ বিভিন্ন সমস্যা দেখা গেছে। এ ছাড়া ৩১ শতাংশ শিশুর অন্তত একটি মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ পাওয়া গেছে। ফলে এ ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন গবেষকরা।
তাদের মতে, প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ করা সমাধান নয়; বরং শিশুদের বয়স ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ, ইতিবাচক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানো, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, শারীরিক খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ানো এবং শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকরা।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে