মানুষের মতো কথা বলা এবং সহমর্মিতা দেখানোর কারণে অনেকের কাছে এআই হয়ে উঠছে ঘনিষ্ঠ বন্ধুর মতো। ছবি : সংগৃহীত চ্যাটজিপিটি কিংবা জেমিনাই এখন অনেকের নিত্যসঙ্গী। একাকিত্বের সময় কেউ কেউ চ্যাটবটের সঙ্গে গল্প করছেন, শেয়ার করছেন ব্যক্তিগত অনুভূতিও। মানুষের মতো কথা বলা এবং সহমর্মিতা দেখানোর কারণে অনেকের কাছে এআই হয়ে উঠছে ঘনিষ্ঠ বন্ধুর মতো। কিন্তু এই বন্ধুত্বই কি কারও কারও জন্য বিপদের কারণ হতে পারে?
মনোবিজ্ঞানী ও চিকিৎসকদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে যাদের আগে থেকেই মানসিক সমস্যার ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রে চ্যাটবটের সঙ্গে দীর্ঘ কথোপকথন কখনো কখনো বিভ্রান্তিকর চিন্তা ও অবাস্তব বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারে। এ ধরনের পরিস্থিতি বোঝাতে আলোচনায় এসেছে ‘এআই সাইকোসিস’ শব্দটি।
এআই সাইকোসিস এখন পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানে স্বীকৃত কোনো রোগের নাম নয়। বরং চ্যাটবটের সঙ্গে কথোপকথনের পর কারও মধ্যে সাইকোসিসের লক্ষণ তৈরি হওয়া বা আগে থেকে থাকা লক্ষণ আরও বেড়ে যাওয়ার পরিস্থিতি বোঝাতে শব্দটি ব্যবহার করা হচ্ছে।
সাইকোসিস হলো এমন একটি মানসিক অবস্থা, যেখানে মানুষ বাস্তবতা ও নিজের কল্পনার মধ্যে পার্থক্য করতে সমস্যায় পড়ে। এ সময় কেউ এমন কিছু দেখতে বা শুনতে পারেন, যার বাস্তবে অস্তিত্ব নেই। আবার কারও মধ্যে এমন বিশ্বাস তৈরি হতে পারে, যার পক্ষে কোনো বাস্তব প্রমাণ নেই। চিন্তাভাবনা ও কথাবার্তাও এলোমেলো হয়ে যেতে পারে।
আগে সাইকোসিসে আক্রান্ত কেউ হয়ত বিশ্বাস করতেন, রেডিওর মাধ্যমে সরকার তার ওপর নজরদারি করছে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এমন বিভ্রান্তিকর বিশ্বাসের ধরনও বদলাতে পারে। বর্তমানে কেউ কেউ মনে করতে পারেন, এআই জীবন্ত, এটি তাদের মনের কথা বুঝতে পারে কিংবা কোনো গোপন পরিকল্পনায় তাদের সঙ্গে যুক্ত রয়েছে।
এআই চ্যাটবটের অন্যতম বৈশিষ্ট্য হলো, ব্যবহারকারীর কথার সঙ্গে মিল রেখে উত্তর দেওয়া। সাধারণত তারা ভদ্র, সহানুভূতিশীল ও সহযোগিতামূলক ভাষায় কথা বলে। কিন্তু এই বৈশিষ্ট্যই মানসিকভাবে ঝুঁকিতে থাকা ব্যক্তির জন্য সমস্যার কারণ হতে পারে।
ধরা যাক, একজন ব্যক্তি বিশ্বাস করেন, কেউ তাকে অনুসরণ করছে বা ক্ষতি করার পরিকল্পনা করছে। তিনি চ্যাটবটকে বললেন, ‘আমার মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে।’
এ অবস্থায় চ্যাটবট যদি বলে, ‘এটি নিশ্চয়ই খুব ভয়ের অভিজ্ঞতা, আপনার সাবধানে থাকা উচিত’, তাহলে সাধারণ ব্যবহারকারীর কাছে উত্তরটি স্বাভাবিক মনে হতে পারে। কিন্তু ওই ব্যক্তির মনে এটি তার সন্দেহের সত্যতা হিসেবে জায়গা করে নিতে পারে।
তিনি ভাবতে পারেন, যন্ত্রও যখন তার আশঙ্কাকে গুরুত্ব দিচ্ছে, তাহলে নিশ্চয়ই তার ধারণা সঠিক। এভাবে চ্যাটবটের সহানুভূতিশীল উত্তরও কারও ভুল বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারে। ফলে, বাস্তবতা ও কল্পনার মধ্যে পার্থক্য করা তার জন্য কঠিন হয়ে উঠতে পারে।
একাকিত্ব মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চ্যাটবটের সঙ্গে কথা বলে সাময়িকভাবে একাকিত্ব কমতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই বাস্তব মানুষের সম্পর্কের পুরোপুরি বিকল্প নয়।
কেউ যদি বন্ধু, পরিবার কিংবা সমাজের মানুষের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়ে দিনের বড় অংশ চ্যাটবটের সঙ্গে কাটান, তাহলে বাস্তব সামাজিক সম্পর্ক থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিরা যদি মানুষের কাছ থেকে সাহায্য নেওয়ার পরিবর্তে সব সমস্যার সমাধান চ্যাটবটের কাছে খুঁজতে থাকেন, তাহলে পরিস্থিতি জটিল হতে পারে।
এআই ব্যবহার করলেই কারও সাইকোসিস হবে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। মানসিক রোগের পেছনে জিনগত বৈশিষ্ট্য, মস্তিষ্কের কার্যক্রম, পরিবেশ, মাদক গ্রহণ এবং শৈশবের বিভিন্ন নেতিবাচক অভিজ্ঞতাসহ নানা কারণ কাজ করতে পারে। তবে, আগে থেকেই মানসিক সমস্যার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এআই চ্যাটবটের কিছু আচরণ পরিস্থিতি আরও খারাপ করতে পারে বলে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম যেমন ব্যবহারকারীর আগের পছন্দ ও বিশ্বাসের সঙ্গে মেলে এমন কনটেন্ট বারবার সামনে আনতে পারে, তেমনি চ্যাটবটও কথোপকথনের ধারায় ব্যবহারকারীর ভুল ধারণাকে অনিচ্ছাকৃতভাবে সমর্থন করতে পারে।
আরেকটি উদ্বেগের বিষয় হলো, এআই ব্যবস্থায় আত্মহত্যা বা আত্মক্ষতির মতো ঝুঁকি মোকাবিলায় কিছু নিরাপত্তাব্যবস্থা থাকলেও বিভ্রান্তিকর বিশ্বাস বা সাইকোসিসের লক্ষণ শনাক্ত করে যথাযথভাবে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েছে।
এআই সাইকোসিস থেকে বাঁচার উপায় কী?
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বন্ধ করা বাস্তবসম্মত সমাধান নয়। বরং এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করা জরুরি। চিকিৎসক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই তৈরির সময় মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে আরও গুরুত্ব দিতে হবে।
চ্যাটবটের এমন ব্যবস্থা থাকা প্রয়োজন, যাতে ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তিকর বা বাস্তবতাবিবর্জিত বিশ্বাসের লক্ষণ দেখা গেলে সেটিকে সমর্থন না করে বরং সতর্কতার সঙ্গে পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার পরামর্শ দেয়।
পাশাপাশি চিকিৎসকদেরও রোগীর প্রযুক্তি ব্যবহারের অভ্যাস সম্পর্কে জানতে হবে। আগে যেমন মাদক গ্রহণের বিষয়ে প্রশ্ন করা হতো, তেমনি এখন কেউ কতটা সময় চ্যাটবটের সঙ্গে কাটান এবং সেটির ওপর কতটা নির্ভরশীল, তা জানাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ব্যক্তিগত পর্যায়েও কিছু সতর্কতা প্রয়োজন। চ্যাটবটকে চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়। অস্বাভাবিক ভয়, সন্দেহ, কণ্ঠস্বর শোনা কিংবা বাস্তবতা নিয়ে বিভ্রান্তি তৈরি হলে দ্রুত পেশাদার চিকিৎসকের সাহায্য নেওয়া জরুরি।
মানুষের মানসিক সমস্যা ও বিভ্রান্তিকর বিশ্বাসের ধরন সময়ের সঙ্গে বদলেছে। একসময় এসব বিশ্বাসের সঙ্গে রেডিও বা টেলিভিশনের মতো প্রযুক্তি জড়িয়ে থাকত। এখন সেই জায়গায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
এআই মানুষের জীবন সহজ করার পাশাপাশি নতুন কিছু ঝুঁকিও তৈরি করছে। বিশেষ করে মানসিকভাবে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এর প্রভাব উপেক্ষা করার সুযোগ নেই। তাই প্রযুক্তির সুবিধা নেওয়ার পাশাপাশি এর সীমাবদ্ধতা বোঝাও জরুরি।
সূত্র : সায়েন্স অ্যালার্ট
সময়ের আলো/মহু