কথার ওপর করের বোঝা

শাকিল আহমেদ

প্রযুক্তি

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ। কাগজ-কলমে বদলেছে অনেক কিছু। কিন্তু কতটা বদলেছে যোগাযোগের মাধ্যম? চিঠির যুগ থেকে ইন্টারনেটের যুগ। প্রয়োজনের বাইরে

2026-11-21T01:34:18+00:00
2026-11-21T01:34:18+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
কথার ওপর করের বোঝা
শাকিল আহমেদ
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৩৪ এএম 
গ্রাফিক : সময়ের আলো
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ। কাগজ-কলমে বদলেছে অনেক কিছু। কিন্তু কতটা বদলেছে যোগাযোগের মাধ্যম? চিঠির যুগ থেকে ইন্টারনেটের যুগ। প্রয়োজনের বাইরে এখনও মন খুলে কথা বলতে পারে না মানুষ। কারণ কথার ওপর বইছে সরকারের করের বোঝা। একশ টাকা রিচার্জ করলে ৩৯ টাকা কর নেয় সরকার। যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

আন্তর্জাতিক টেলিকম সংস্থা জিএসএমএর প্রতিবেদন অনুযায়ী কনজুমার ট্যাক্সের ওপরে মোবাইল করের দিক থেকে আফ্রিকা ও এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান রয়েছে চার নম্বরে। প্রথমে-কেনিয়া, এরপরে তাঞ্জানিয়া, জাম্বিয়া ও চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। আর এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান এক নম্বরে, দুই নম্বরে নেপাল ও তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশে ১০০ টাকা রিচার্জ করলে সরকার নেয় ৩৯ টাকা। নেপালে টেলিকম সার্ভিস চার্জ ও ভ্যাট মিলিয়ে নেয় প্রায় ২৬ শতাংশ এবং শ্রীলঙ্কায় আদায় করা হয় ২৩ শতাংশ। 

অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতে মোবাইল সেবার ওপর এককভাবে ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য। এ ছাড়া ফিলিপাইনে ১২ শতাংশ, ইন্দোনেশিয়ায় ১১ শতাংশ, সিঙ্গাপুরে ৯ শতাংশ, থাইল্যান্ডে ৭ শতাংশ এবং মালয়েশিয়ায় মাত্র ৬ শতাংশ কর নির্ধারিত রয়েছে।

তাই বাংলাদেশের টেলিকম খাতের এই অতিরিক্ত করের বোঝা সাধারণ মানুষের কথা বলার ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। যেমন-কোনো অফারের বাইরে ফ্লোর প্রাইসে কথা বলতে হলে একজন গ্রাহককে প্রায় তিন টাকা গুনতে হয়। ২০১৮ সালের আগস্টের মাঝামাঝি মোবাইলে আগের অন-নেট বা একই অপারেটরের ক্ষেত্রে ২৫ পয়সা ও অফ-নেট বা ভিন্ন অপারেটরের ক্ষেত্রে ৬০ পয়সা ছিল। এই বৈষম্য দূর করে সব অপারেটরের জন্য অভিন্ন কলরেট কার্যকর করে নীতিমালা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সব অপারেটরের জন্য কলরেটের ফ্লোর প্রাইস ৪৫ পয়সা ও সেলিং প্রাইস মিনিটপ্রতি দুই টাকা করা হয়। 

এই নির্দেশনার ফলে অন-নেট এবং অফ-নেট কলরেটের পার্থক্য দূর হয়। এরপর থেকে একই নিয়মে চলছে কলরেট ব্যবস্থা। তবে এর মধ্যে প্রতি অর্থবছরে কয়েক দফা ভ্যাট বাড়ানো হয়েছে মোবাইল ফোন ও কলরেটের ওপর। এর চাপ পড়েছে গ্রাহকের ঘাড়ে। যেমন সেলিং প্রাইস দুই টাকা হলেও কলরেট প্রতি মিনিট কাটা হচ্ছে ২.৭৮ পয়সা। এর মধ্যে সাপ্লিমেন্টারি ডিউটি (এসডি) ২০ শতাংশ (৪০ পয়সা), ভ্যাট ১৫ শতাংশ (৩৬ পয়সা) ও সারচার্জ কাটা হচ্ছে ১ শতাংশ (২ পয়সা)।

এতে চাপে পড়েছেন গ্রাহক। প্রান্তিক কোনো ব্যবহারকারী যদি বিকাশের মাধ্যমে ফোনে সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করেন তা হলে ১ টাকা কেটে রেখে দেওয়া হয় ১৯ টাকা। এরপর গ্রাহক বিশেষ কোনো প্যাকেজের আওতায় না থাকলে বেস বা ফ্ল্যাট কলরেট মিনিটপ্রতি দুই টাকা করে কেটে নেয় মোবাইল ফোন অপারেটররা। সেই সঙ্গে যুক্ত হয় সরকারের সাপ্লিমেন্টারি ডিউটি ৪০ পয়সা, ৩৬ পয়সা ভ্যাট ও ২ পয়সা সারচার্জসহ মোট আরও ৭৮ পয়সা। অর্থাৎ মিনিটপ্রতি ২.৭৮ পয়সা বা প্রায় তিন টাকা কলরেট কাটছে অপারেটররা। সেই হিসাবে গ্রাহক সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করে কথা বলতে পারছেন মাত্র ৬.৮৩ সেকেন্ড। এর মধ্যে নেটওয়ার্ক সমস্যা ও কলড্রপ হলে মিনিটের এই হিসাব আরও কমে আসে।

অপারেটররা বলছে, গ্রাহকরা একশ টাকা রিচার্জ করলে তো আর একশ টাকা পান না। এরমধ্যে ৩৯ টাকা সরকার নেয়। পৃথিবীর বিভিন্ন দেশে টেলিকম খাত থেকে সরকার শুধু ভ্যাট নেয়। এর বাইরে অন্যকিছু নেয় না। কিন্তু আমাদের দেশে ১৫ শতাংশ ভ্যাটের বাইরেও সরকার ২০ শতাংশ সাপ্লিমেন্টারি ডিউটি নেয়। এবং ১ শতাংশ সারচার্জ নেওয়া হয়। যার প্রভাব পড়ে কল রেটের ওপর। যে কারণে কল রেট বেশি। 

তারা বলছে, যে কোনো সার্ভিসে সরকার ট্যাক্স নেবে এটা স্বাভাবিক, তবে সাপ্লিমেন্টারি ডিউটির কারণে এই ট্যাক্সটা বেশি হয়ে গেছে। এটা ছাড় দিলে কল রেট কমবে।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামীণ ফোনের এক কর্মকর্তা বলেন, গ্রাহক যদি কোনো নির্দিষ্ট প্যাকেজ ব্যবহার না করেন তা হলে অপারেটররা একটা ফ্ল্যাট রেট কাটে। কেউ ২ টাকা, কেউ ১ টাকা ৯০ পয়সা। কোনো অপারেটর ১ টাকা ৯৯ পয়সা অর্থাৎ যে যার বিজনেস পলিসি অনুযায়ী কাটে। তবে কেউ ২ টাকার বেশি কাটতে পারে না। এই সেলিং প্রাইসের সঙ্গে ভ্যাট-ট্যাক্স যুক্ত হয়ে ২.৭৮ পয়সা কাটা হয়। গ্রাহক যে তিন টাকা কাটার অভিযোগ করছেন সেটি মিথ্যা নয়। তবে অতিরিক্ত ৭৮ পয়সা অপারেটর পায় না, এটি নেয় সরকার। অর্থাৎ গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে ৩৯ টাকা যায় সরকারের কাছে।

রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম সময়ের আলোকে বলেন, মোবাইল টেলিযোগাযোগ সেবার মূল্য, বিশেষ করে ভয়েস ও ডেটা প্যাকেজের মূল্য নির্ধারণে প্রযোজ্য কর, নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন ফি এবং পরিচালন ব্যয়সহ একাধিক বিষয় বিবেচনায় নিতে হয়। ফলে এসব উপাদানের যে কোনো ধরনের হ্রাস বা বৃদ্ধি সরাসরি সেবার সামগ্রিক ব্যয় এবং শেষ পর্যন্ত গ্রাহক পর্যায়ের মূল্য নির্ধারণে প্রভাব ফেলে। 

তিনি বলেন, তুলনামূলকভাবে উচ্চ করের বোঝা থাকা সত্ত্বেও বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম সর্বনিম্ন মূল্যে মোবাইল টেলিযোগাযোগ সেবা প্রদানকারী দেশগুলোর একটি। অন্যদিকে এ খাতে গ্রাহকপ্রতি গড় আয় (অজচট) বিশ্বের সর্বনিম্ন পর্যায়গুলোর মধ্যে রয়েছে। এটি দেশের টেলিযোগাযোগ বাজারে তীব্র প্রতিযোগিতা এবং গ্রাহকদের জন্য সেবার মূল্য সাশ্রয়ী রাখার প্রতিফলন।

তিনি বলেন, গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে সেবা নিশ্চিত করা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে টেলিযোগাযোগ খাতের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ প্রয়োজন। সেবার মূল্য ইতিমধ্যে অত্যন্ত প্রতিযোগিতামূলক পর্যায়ে রয়েছে এবং গ্রাহকপ্রতি আয়ও সীমিত। এ অবস্থায় নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মানোন্নয়ন এবং পরবর্তী প্রজন্মের প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখা ক্রমেই গ্রাহকদের সেবা গ্রহণ ও ডেটা ব্যবহারের পরিমাণ বৃদ্ধির ওপর নির্ভরশীল হয়ে পড়বে। সার্বিকভাবে দীর্ঘমেয়াদে সাশ্রয়ী ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে হলে গ্রাহকদের ক্রয় ক্ষমতা, যৌক্তিক কর ও নিয়ন্ত্রক কাঠামো এবং খাতের অব্যাহত বিনিয়োগ সক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। গ্রাহকদের সেবা গ্রহণ ও ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি না পেলে বর্তমানের নিম্ন মূল্যস্তর দীর্ঘমেয়াদে বজায় রাখা ক্রমেই কঠিন হয়ে উঠতে পারে।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ সময়ের আলোকে বলেন, উন্নত দেশগুলোতে ভয়েস কল যেখানে ফ্রি, সেখানে বাংলাদেশে ফ্লোর প্রাইস ৪৫ পয়সা এবং ২ টাকা আদায় করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স। 

তিনি বলেন, বর্তমানে ফ্লোর প্রাইস অনেক গ্রাহকের কাছে ব্যয়বহুল। সে জন্য ফ্লোর প্রাইস কমিয়ে বা তুলে নিয়ে সবার জন্য সহজলভ্য কলরেট নির্ধারণ করতে হবে এবং করের বিষয়টিও সরকারকে বিবেচনায় নিতে হবে।

সমেয়র আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   কথা  করের বোঝা  কাগজ-কলমে  যোগাযোগের মাধ্যম  স্মার্ট বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: