ওয়াই-ফাই ৮ রাউটার। ছবি : সংগৃহীতবাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ‘ওয়াই-ফাই ৮’ উন্মোচন করেছে নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশন প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে প্রযুক্তি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশে টিপি-লিংকের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকরপোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। এ ছাড়া টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিসের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আজকের পার্টনার কানেক্ট অনুষ্ঠানে আমরা বিশ্বের সর্বশেষ ওয়াই-ফাই প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করতে যাচ্ছি।’
তিনি জানান, বিশ্বজুড়ে নতুন এ প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশ তৃতীয় দেশ হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য এটিকে বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
টিপি-লিংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং বলেন, বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগে তারা আগ্রহী। এ প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের বাজারে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আসার কাজ চলছে। এ ক্ষেত্রে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হবে।
টিপি-লিংক জানিয়েছে, ওয়াই-ফাই ৮ প্রযুক্তির মূল লক্ষ্য ওয়্যারলেস সংযোগের নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা ও ধারাবাহিক কর্মক্ষমতা বাড়ানো। ‘আল্ট্রা-হাই রিলায়েবিলিটি’ নীতির ভিত্তিতে তৈরি এ প্রযুক্তি ক্রমবর্ধমান ডিজিটাল পরিবেশে নিরবচ্ছিন্ন সংযোগ ও বিস্তৃত কভারেজ নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
একই নেটওয়ার্কে একাধিক ডিভাইস ব্যবহারের সময় সংযোগের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভিন্ন ডিজিটাল সেবায় নির্ভরযোগ্য কর্মক্ষমতা নিশ্চিত করাও ওয়াই-ফাই ৮-এর অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার প্রযুক্তিপণ্য বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠানের তিন শতাধিক স্বত্বাধিকারী ও শীর্ষ কর্মকর্তা অংশ নেন।
ওয়াই-ফাই ৮ উন্মোচনের পাশাপাশি ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি চালুর ঘোষণাও দিয়েছে টিপি-লিংক। সিস্টেম ইন্টিগ্রেটর, নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি অংশীদারদের দক্ষতা বাড়ানো এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতেও বড় অঙ্কের বিনিয়োগ করছে টিপি-লিংক।
কর্মসূচির আওতায় ‘ওমাডা এক্সপার্ট একাডেমি’ প্রযুক্তি পেশাজীবীদের কারিগরি প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নের সুযোগ দেবে। এর মাধ্যমে দেশের এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং খাতে দক্ষ জনবল তৈরি এবং নেটওয়ার্কিং সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
বাংলাদেশে টিপি-লিংকের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস জানিয়েছে, স্থানীয় বাজারে আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তি পৌঁছে দেওয়া, প্রযুক্তি অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের প্রযুক্তি ইকোসিস্টেম সম্প্রসারণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত টিপি-লিংক বিশ্বব্যাপী নেটওয়ার্কিং ডিভাইস ও আনুষঙ্গিক পণ্য সরবরাহ করে আসছে। অন্যদিকে, দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশে প্রযুক্তিপণ্য পরিবেশনের সঙ্গে যুক্ত রয়েছে এক্সেল টেকনোলজিস লিমিটেড।
সময়ের আলো/জেডআই