আইবিএম সাইমন : স্মার্টফোনের পথচলা শুরু যেভাবে

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

আজকের স্মার্টফোন ছাড়া যেন এক মুহূর্তও চলে না। যোগাযোগ, তথ্য আদান-প্রদান, বিনোদন থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে আমাদের নির্ভরতা

2026-11-22T10:34:10+00:00
2026-11-22T10:42:37+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
আইবিএম সাইমন : স্মার্টফোনের পথচলা শুরু যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ এএম  আপডেট: ২২.১১.২০২৬ ১০:৪২ এএম
প্রথম স্মার্টফোনটির ওজন ছিল প্রায় ৫০০ গ্রাম। ছবি : সংগৃহীত
আজকের স্মার্টফোন ছাড়া যেন এক মুহূর্তও চলে না। যোগাযোগ, তথ্য আদান-প্রদান, বিনোদন থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে আমাদের নির্ভরতা এই ছোট্ট যন্ত্রটির ওপর। কিন্তু হাতের মুঠোয় থাকা আধুনিক স্মার্টফোনের যাত্রা শুরু হয়েছিল বেশ অদ্ভুত এক যন্ত্র দিয়ে। দেখতে অনেকটা ইটের মতো, ওজন প্রায় ৫০০ গ্রাম এবং ব্যাটারির চার্জে চলত মাত্র এক ঘণ্টা। নাম আইবিএম সাইমন পার্সোনাল কমিউনিকেটর, যা ইতিহাসের প্রথম স্মার্টফোন হিসেবে পরিচিত।

১৯৯৪ সালের ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের বাজারে আসে এই স্মার্টফোন। তার আগে ১৯৯২ সালের ২৩ নভেম্বর ফোনটি লাস ভেগাসে কমডেক্সে প্রথমবার প্রদর্শিত হয়। আইবিএম ও মিতসুবিশি ইলেকট্রিক করপোরেশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল এটি। সে সময়ের প্রচলিত মোবাইল ফোনের তুলনায় সাইমন ছিল একেবারেই আলাদা। এতে ছিল না কোনো প্রচলিত কিপ্যাড। বরং পুরোপুরি টাচস্ক্রিনের মাধ্যমে এটি পরিচালনা করতে হতো। আজকের স্মার্টফোনে টাচস্ক্রিন ব্যবহারের যে অভিজ্ঞতা, তার প্রাথমিক ধারণা পাওয়া যায় এই যন্ত্রেই।


শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সাইমন। এতে যুক্ত করা হয়েছিল ফ্যাক্স, ই-মেইল ও ক্যালেন্ডার ব্যবহারের সুবিধা। পাশাপাশি ছিল ক্যালকুলেটর, নোটপ্যাড, ম্যাপিং, স্প্রেডশিট ও গেমের মতো বিভিন্ন সুবিধা। অর্থাৎ যোগাযোগের পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত কাজেও ব্যবহার করা যেত ফোনটি। বর্তমান স্মার্টফোনের বহুমুখী ব্যবহারের ধারণা তখনই তুলে ধরেছিল সাইমন।

তবে, প্রযুক্তিগত অগ্রগামিতা থাকলেও আকার-আকৃতি ও কার্যক্ষমতার দিক থেকে বেশ পিছিয়ে ছিল ফোনটি। এর দৈর্ঘ্য ছিল প্রায় ৮ ইঞ্চি, প্রস্থ আড়াই ইঞ্চি এবং পুরুত্ব দেড় ইঞ্চি। ওজন প্রায় ৫০০ গ্রাম। ফলে, হাতে নিয়ে ব্যবহার করা ছিল বেশ কষ্টসাধ্য। এর মেমোরি ছিল মাত্র ১ মেগাবাইট। সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল ব্যাটারি। একবার চার্জ দিলে সর্বোচ্চ এক ঘণ্টা সচল থাকত ফোনটি।


দামের দিক থেকেও সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল সাইমন। দুই বছরের চুক্তিতে এর দাম ছিল প্রায় ৮৯৯ ডলার। চুক্তি ছাড়া দাম পড়ত প্রায় ১১০০ ডলার। তা ছাড়া, ফোনটি শুধু যুক্তরাষ্ট্রের বাজারেই পাওয়া যেত। সব মিলিয়ে প্রত্যাশিত জনপ্রিয়তা পায়নি এটি। বাজারে আসার পর প্রায় ৭ মাসের মধ্যেই এর বিক্রি বন্ধ হয়ে যায়। ১৯৯৫ সালে উৎপাদনও বন্ধ করে দেয় নির্মাতা প্রতিষ্ঠান। এ সময়ের মধ্যে বিক্রি হয়েছিল প্রায় ৫০ হাজার ইউনিট।

বাণিজ্যিকভাবে সফল না হলেও প্রযুক্তির ইতিহাসে আইবিএম সাইমনের গুরুত্ব আলাদা। কারণ, এটি শুধু একটি মোবাইল ফোন ছিল না; বরং ফোনের সঙ্গে কম্পিউটারের বিভিন্ন সুবিধা যুক্ত করার প্রথম দিককার সফল প্রচেষ্টা। টাচস্ক্রিন, ই-মেইল, ক্যালেন্ডার ও বিল্ট-ইন অ্যাপের মতো সুবিধা নিয়ে সাইমন যে ধারণার সূচনা করেছিল, পরবর্তী সময়ে সেটিই বিকশিত হয়েছে আধুনিক স্মার্টফোনে।

সময়ের আলো/মহু
  বিষয়:   আইবিএম সাইমন  স্মার্টফোন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: