প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ এএম
সংগৃহীত ছবিগুগল ক্রোম ব্রাউজারে একটি গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। এই ত্রুটির সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের ব্যক্তিগত যন্ত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি এবং ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করাতে পারে। ইতিমধ্যে ত্রুটিটি কাজে লাগিয়ে কিছু যন্ত্রে হামলাও চালানো হয়েছে বলে জানিয়েছে গুগলের সাইবার নিরাপত্তা দল।
গুগলের তথ্য অনুযায়ী ক্রোম ব্রাউজারের এক্সএমএল (এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ) ডেটা প্রক্রিয়াকরণের অংশে এই ত্রুটিটির সৃষ্টি হয়েছে। যার শনাক্তকরণ নম্বর ‘সিভিই-২০২৬-১২৫৩৫০’। এই হামলার শিকার ঠিক কতজন ব্যবহারকারী হয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ না করলেও সাইবার বিশেষজ্ঞরা অসংখ্য ব্যবহারকারীকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার বিষয়ে সতর্ক করেছেন।
এই ঝুঁকি এড়াতে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমের ডেস্কটপ সংস্করণের জন্য একটি জরুরি নিরাপত্তা-আপডেট প্রকাশ করেছে গুগল। ব্যবহারকারীদের দ্রুত ব্রাউজারটি আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্রাউজার হালনাগাদের সহজ নিয়ম—
- প্রথমে ক্রোম ব্রাউজারের ডান পাশের ওপরের কোণে থাকা তিন ডট মেন্যুতে ক্লিক করতে হবে।
- এরপর ‘হেল্প’ অপশনে গিয়ে ‘অ্যাবাউট গুগল ক্রোম’ নির্বাচন করতে হবে।
- এতে ব্রাউজারটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট যাচাই করে নতুন সংস্করণ ইনস্টল করে নেবে।
- ইনস্টলেশন শেষে ‘রিলঞ্চ’ অপশনে ক্লিক করে ব্রাউজারটি পুনরায় চালু করতে হবে।
ব্রাউজার পুনরায় চালু বা রিলঞ্চ করার ধাপটি সম্পন্ন না করলে নতুন নিরাপত্তা সংস্করণটি কার্যকর হবে না। তাই যেকোনো বড় ধরনের সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকতে অবিলম্বে ক্রোম ব্রাউজার আপডেট করে নেওয়া ভালো।
সময়ের আলো/প্রিন্ট/আতা