‘চাঁদের মাটিতে’ আলু ফলালেন বিজ্ঞানীরা!

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা খাবারের জোগান। পৃথিবী থেকে প্রতিদিনের খাবার সেখানে নিয়ে যাওয়া যেমন ব্যয়বহুল,

2026-11-23T11:17:57+00:00
2026-11-23T11:21:09+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
‘চাঁদের মাটিতে’ আলু ফলালেন বিজ্ঞানীরা!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:১৭ এএম  আপডেট: ২৩.১১.২০২৬ ১১:২১ এএম
চাঁদ থেকে আনা মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে তৈরি কৃত্রিম মাটিতে আলু ফলিয়েছেন গবেষকেরা। ছবি : সংগৃহীত
চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা খাবারের জোগান। পৃথিবী থেকে প্রতিদিনের খাবার সেখানে নিয়ে যাওয়া যেমন ব্যয়বহুল, তেমনি দীর্ঘমেয়াদে তা বাস্তবসম্মতও নয়। তাই চাঁদেই খাদ্য উৎপাদনের সম্ভাবনা খুঁজছেন বিজ্ঞানীরা। সেই প্রচেষ্টায় এবার মিলেছে আশাব্যঞ্জক সাফল্য। চাঁদ থেকে আনা মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে তৈরি কৃত্রিম মাটিতে আলু ফলিয়েছেন গবেষকেরা। তাদের এই সাফল্য ভবিষ্যতে চাঁদে নভোচারীদের খাদ্য উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

তবে, চাঁদের বুকেই এই আলু চাষ করা হয়নি। পৃথিবীর একটি গবেষণাগারের নিয়ন্ত্রিত পরিবেশে চাঁদের মাটির মতো কৃত্রিম উপাদান ব্যবহার করে পরীক্ষাটি চালানো হয়েছে। দ্রুত বেড়ে ওঠার বৈশিষ্ট্যের কারণে গবেষণায় বেছে নেওয়া হয়েছিল মোডক জাতের আলু।

যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেন। এতে অর্থায়ন করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গবেষক দলের নেতৃত্বে ছিলেন উদ্ভিদবিজ্ঞানী এমেরিক গোয়্যার। তার সহযোগী ছিলেন মহাকাশবিজ্ঞানী ডেভিড হ্যান্ডি। গবেষণার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী এনপিজে মাইক্রোগ্র্যাভিটিতে।


চাঁদের মাটিতে চাষের বাধা

পৃথিবীর সাধারণ মাটির সঙ্গে চাঁদের মাটির মৌলিক পার্থক্য রয়েছে। চাঁদের মাটিকে বিজ্ঞানীরা বলেন ‘রেগোলিথ’। এটি মূলত পাথরের গুঁড়া ও ধূলিকণার রুক্ষ স্তর। পৃথিবীর মাটিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জৈব উপাদান ও পচা পাতার সার থাকে। কিন্তু চাঁদের মাটিতে এসব উপাদান প্রায় অনুপস্থিত।

বিশেষ করে উদ্ভিদের বৃদ্ধির জন্য অপরিহার্য নাইট্রোজেনের ঘাটতি সেখানে প্রকট। এ ছাড়া, তামার মতো কিছু ভারী ধাতুর উপস্থিতিও গাছের শিকড় গজানো ও স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে। ফলে, কোনো ধরনের পুষ্টি সরবরাহ ছাড়াই ওই মাটিতে ফসল ফলানো কঠিন।

এই সমস্যা কাটাতে গবেষকেরা ব্যবহার করেন ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। কেঁচোর মাধ্যমে জৈব বর্জ্য পচিয়ে তৈরি এই সার মাটিতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।

পরীক্ষার জন্য চাঁদের মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে পাঁচ ধরনের কৃত্রিম রেগোলিথ তৈরি করেন গবেষকেরা। প্রথমে শুধু কৃত্রিম মাটিতে আলু চাষ করে দেখা যায়, গাছের শিকড় ঠিকমতো ছড়াচ্ছে না। এমনকি মাটির নিচে আলুর কন্দও তৈরি হচ্ছে না।

পরে ওই মাটিতে মাত্র ৫ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশানো হয়। এতে পরিস্থিতির উন্নতি ঘটে। আলুগাছের শিকড় গজাতে শুরু করে এবং মাটির নিচে ছোট ছোট আলু জন্মায়। এরপর কৃত্রিম মাটিতে ভার্মিকম্পোস্টের পরিমাণ বাড়িয়ে ৩০ শতাংশ করা হলে ফলন আরও বেড়ে যায়। একপর্যায়ে তা পৃথিবীর উর্বর মাটিতে উৎপাদিত আলুর ফলনের সমপর্যায়ে পৌঁছায়।


আলুই কেন গবেষকদের পছন্দ

চাঁদে খাদ্য উৎপাদনের গবেষণায় আলু বেছে নেওয়ার পেছনেও রয়েছে বাস্তব কারণ। অন্য অনেক ফসলের তুলনায় কম জায়গায় ও কম খরচে আলু থেকে বেশি ক্যালরি পাওয়া যায়। ফলে সীমিত জায়গায় বসবাসকারী নভোচারীদের খাদ্যচাহিদা পূরণে এটি কার্যকর হতে পারে।

গবেষক এমেরিক গোয়্যারের মতে, আলু পুষ্টিকর খাবার। এতে কলার তুলনায় বেশি পটাশিয়াম রয়েছে। পাশাপাশি ভিটামিন সি ও উন্নত মানের প্রোটিনও পাওয়া যায়। আলু খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। ফলে, অল্প খাবারেই ক্ষুধা নিয়ন্ত্রণ করা সম্ভব।

গোয়্যার বলেন, চাঁদের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ প্রায় নেই বললেই চলে। তাই বাইরে থেকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ না করলে সেখানে কোনো ফসলই টিকে থাকতে পারবে না। ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ে উঠলে নভোচারীদের বর্জ্য ব্যবহার করে কম্পোস্ট তৈরি এবং তা দিয়ে চাষাবাদ করা সম্ভব হতে পারে।

তবে, গবেষণায় সাফল্য এলেও এখনই চাঁদের মাটিতে আলু চাষের সময় আসেনি। কারণ, পুরো পরীক্ষাটি হয়েছে পৃথিবীর একটি সুরক্ষিত গ্রিনহাউসে। সেখানে সূর্যের আলোর পাশাপাশি কৃত্রিম আলোর ব্যবস্থাও ছিল। দিনের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়েছিল।

এ ছাড়া, আসল চাঁদের মাটির পরিবর্তে পরীক্ষাগারে তৈরি কৃত্রিম রেগোলিথ ব্যবহার করা হয়েছে। ছোট পাত্রে চাষ করায় উৎপাদিত আলুর গড় ওজনও ছিল ১০ গ্রামের কম। যদিও পরবর্তী সময়ে বড় পাত্রে চাষ করে তুলনামূলক বড় আকারের আলু পেয়েছেন গবেষকেরা।

আলুগুলোর পুষ্টিগুণ ও নিরাপত্তা পরীক্ষাও করেছেন বিজ্ঞানীরা। তবে মজার বিষয় হলো, গবেষণার সঙ্গে যুক্ত কেউ এখনো ওই আলু খেয়ে দেখেননি।

চাঁদের পরিবেশে চাষাবাদের আরও বড় চ্যালেঞ্জ রয়েছে। সেখানে পৃথিবীর তুলনায় মাধ্যাকর্ষণ শক্তি ছয় ভাগের এক ভাগ। পাশাপাশি তেজস্ক্রিয়তার মাত্রাও অনেক বেশি। এসব প্রতিকূলতায় আলুগাছের বৃদ্ধি ও ফলন কেমন হবে, তা এখনো নিশ্চিত নয়।

তবু এই গবেষণা মহাকাশে খাদ্য উৎপাদনের সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে। চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়তে হলে খাবারের স্বয়ংসম্পূর্ণতা অর্জন জরুরি। সেই লক্ষ্য পূরণে নভোচারীদের বর্জ্য থেকে সার তৈরি করে স্থানীয় উপাদানে ফসল ফলানোর ধারণা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চাঁদের বুকে সবুজ ফসলের মাঠ গড়তে এখনো অনেক পরীক্ষা বাকি। তবে, গবেষকদের এই ক্ষুদ্র আলু ভবিষ্যতের মহাকাশ অভিযানে বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র : নেচার ও রয়টার্স

সময়ের আলো/মহু

  বিষয়:   চাঁদ  মাটি  আলু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: