চ্যাটজিপিটিতে চ্যাট ও ওয়ার্ক সুবিধা এক করছে ওপেনএআই

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

চ্যাটজিপিটির সাধারণ কথোপকথন ও জটিল কাজ সম্পাদনের সুবিধা এক জায়গায় আনছে ওপেনএআই। একই সঙ্গে দুটি সুবিধার জন্য আলাদা ব্যবহারের সীমা

2026-11-29T05:47:41+00:00
2026-11-29T05:47:41+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
চ্যাটজিপিটিতে চ্যাট ও ওয়ার্ক সুবিধা এক করছে ওপেনএআই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
চ্যাটজিপিটির সাধারণ কথোপকথন ও জটিল কাজ সম্পাদনের সুবিধা এক জায়গায় আনছে ওপেনএআই। একই সঙ্গে দুটি সুবিধার জন্য আলাদা ব্যবহারের সীমা তুলে দিয়ে চালু করা হচ্ছে অভিন্ন কোটা। এতে উন্নত মডেল, গবেষণা, বিশ্লেষণ ও কোডেক্স নিয়মিত ব্যবহারকারীদের নির্ধারিত ব্যবহারের সুযোগ দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে অল্পসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহকের ওপর নতুন ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামত পর্যালোচনার পর ধাপে ধাপে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বর থেকে প্লাস, প্রো ও বিজনেস সাবস্ক্রিপশনেও সমন্বিত ব্যবহারের সীমা চালুর পরিকল্পনা করছে ওপেনএআই।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এর আগে ইমেইলের মাধ্যমে চ্যাট ও ওয়ার্ক সুবিধা একীভূত করার পরিকল্পনার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এবার সেই পরিকল্পনার পরীক্ষামূলক বাস্তবায়ন শুরু হয়েছে। ওপেনএআইয়ের সফটওয়্যার প্রকৌশলী ও পণ্য বিভাগের নির্বাহী থিবো সত্তি গত ২৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর তথ্য জানান।

তিনি বলেন, অল্পসংখ্যক প্রো গ্রাহকের জন্য চ্যাট ও ওয়ার্কের সমন্বিত অভিজ্ঞতা চালু করা হচ্ছে। বৃহত্তর পরিসরে এটি চালুর আগে ব্যবহারকারীদের মতামত নেওয়া এবং সম্ভাব্য সমস্যাগুলো শনাক্ত করাই এ পরীক্ষার উদ্দেশ্য।

বর্তমানে চ্যাটজিপিটির চ্যাট সুবিধা মূলত সাধারণ কথোপকথন, বিভিন্ন প্রশ্নের উত্তর ও দৈনন্দিন কাজে সহায়তা করে। অন্যদিকে ওয়ার্ক তৈরি করা হয়েছে গবেষণা, তথ্য বিশ্লেষণ, ফাইল নিয়ে কাজ এবং একাধিক ধাপের জটিল কাজ সম্পন্ন করার জন্য। নতুন ব্যবস্থায় দুটি অভিজ্ঞতা একীভূত হওয়ায় সাধারণ কথোপকথন থেকে জটিল কাজের জন্য আলাদা মোডে যাওয়ার প্রয়োজন হবে না।


তবে সুবিধা একীভূত করার পাশাপাশি ব্যবহারের হিসাবেও পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। আগে সাধারণ চ্যাট এবং ওয়ার্ক বা কোডেক্স ব্যবহারের জন্য আলাদা বরাদ্দ থাকত। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট পেইড সাবস্ক্রিপশনের গ্রাহকদের চ্যাটজিপিটি ও কোডেক্স ব্যবহারের হিসাব একটি অভিন্ন সীমার মধ্যে রাখা হবে।

অর্থাৎ, উন্নত মডেল দিয়ে কোনো জটিল কাজ করা কিংবা কোডেক্স ব্যবহার—দুটির ক্ষেত্রেই একই বরাদ্দ থেকে ব্যবহার গণনা করা হবে। ব্যবহারের পরিমাণ নির্ভর করবে নির্বাচিত মডেল ও কাজের জটিলতার ওপর। উন্নত মডেল এবং বেশি গণনানির্ভর কাজের ক্ষেত্রে বরাদ্দ তুলনামূলক বেশি খরচ হবে।

তবে সব ধরনের চ্যাট এই সীমার আওতায় পড়বে না। ইনস্টান্ট মডেলে করা কথোপকথন আগের মতোই আনলিমিটেড থাকবে। এসব কথোপকথনের জন্য সমন্বিত ব্যবহারের বরাদ্দ থেকে কোনো পরিমাণ খরচ হবে না। এমনকি অভিন্ন সীমা শেষ হয়ে গেলেও গ্রাহকেরা ইনস্টান্ট মডেল ব্যবহার করতে পারবেন।

নতুন নিয়মে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগের বড় কারণ হলো, আলাদা বরাদ্দের সুবিধা আর থাকছে না। আগে একটি সুবিধা বেশি ব্যবহার করলেও অন্যটির জন্য নির্ধারিত কোটা অক্ষত থাকত। কিন্তু নতুন ব্যবস্থায় উন্নত মডেল, ওয়ার্ক ও কোডেক্সের ব্যবহার একই সীমার মধ্যে গণনা করা হবে। ফলে নিয়মিত গবেষণা, জটিল বিশ্লেষণ কিংবা কোডিংয়ের কাজে যুক্ত গ্রাহকদের ব্যবহারের সুযোগ দ্রুত কমে যেতে পারে।

যেমন, কোনো গ্রাহক নিয়মিত উন্নত রিজনিং মডেল ব্যবহার করে গবেষণা বা জটিল বিশ্লেষণ করলে তাঁর সমন্বিত বরাদ্দের বড় অংশ সেখানেই শেষ হতে পারে। এতে পরে ওয়ার্ক বা কোডেক্স ব্যবহারের সুযোগ কমে যাবে।

তবে ওপেনএআইয়ের এক মুখপাত্র টেকক্রাঞ্চকে জানিয়েছেন, নতুন ব্যবস্থায় অধিকাংশ ব্যবহারকারীর ব্যবহারের সীমা আগের তুলনায় ঘন ঘন শেষ হবে বলে মনে করা হচ্ছে না। তবে প্ল্যাটফর্মের অল্পসংখ্যক অতিরিক্ত ব্যবহারকারী আগের চেয়ে দ্রুত সীমায় পৌঁছাতে পারেন।

এদিকে প্রত্যেক সাবস্ক্রিপশন গ্রাহক নতুন ব্যবস্থায় ঠিক কতটুকু ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ওপেনএআই। ফলে নিয়মিত সাবস্ক্রিপশন ফি দিয়েও উন্নত এআই সুবিধা ব্যবহারের সুযোগ কমে যাবে কি না, তা নিয়ে গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।

সাধারণ কথোপকথনের ক্ষেত্রে অবশ্য পরিবর্তনের প্রভাব তুলনামূলক কম হওয়ার কথা। কারণ ইনস্টান্ট মডেলে করা চ্যাট অভিন্ন ব্যবহারের সীমার বাইরে রাখা হয়েছে। ফলে সাধারণ প্রশ্নের উত্তর পাওয়া বা দৈনন্দিন কাজে এই মডেল ব্যবহার করলে চ্যাটজিপিটি ও কোডেক্সের জন্য নির্ধারিত বরাদ্দ কমবে না।

তবে উন্নত রিজনিং মডেল, জটিল কাজ এবং কোডেক্সের ওপর নির্ভরশীল গ্রাহকদের নতুন ব্যবস্থায় ব্যবহারের হিসাব আরও সতর্কভাবে পরিচালনা করতে হতে পারে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   চ্যাটজিপিটি  চ্যাট  ওয়ার্ক সুবিধা  ওপেনএআই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: