বন্ধ হচ্ছে টু-জি, চলবে কী বাটন ফোন?

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

মোবাইল ফোনের প্রযুক্তিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ। আগামী তিন বছরের মধ্যে দেশে দ্বিতীয় প্রজন্মের (টু-জি) মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ

2026-11-28T19:46:40+00:00
2026-11-28T19:46:40+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
বন্ধ হচ্ছে টু-জি, চলবে কী বাটন ফোন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম 
দেশে দ্বিতীয় প্রজন্মের (টু-জি) মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা নিয়েছে বিটিআরসি । ছবি : সংগৃহীত
দেশে দ্বিতীয় প্রজন্মের (টু-জি) মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা নিয়েছে বিটিআরসি । ছবি : সংগৃহীত
মোবাইল ফোনের প্রযুক্তিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ। আগামী তিন বছরের মধ্যে দেশে দ্বিতীয় প্রজন্মের (টু-জি) মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ভয়েস ওভার লং-টার্ম ইভোল্যুশন (ভোল্টি) প্রযুক্তি সমর্থন করে না—এমন লাখ লাখ পুরোনো মুঠোফোন আর ব্যবহার করা যাবে না। বিশেষ করে শুধু টু-জি নেটওয়ার্কে চলা বাটন ফোন ব্যবহারকারীদের পড়তে হতে পারে বিপাকে।

বিটিআরসির হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে ৬ কোটি ১৩ লাখ সিম ব্যবহারকারী টু-জি সমর্থিত হ্যান্ডসেট ব্যবহার করছেন। এসব ফোনের বেশির ভাগেই ভয়েস ওভার লং-টার্ম ইভোল্যুশন (ভোল্টি) প্রযুক্তি নেই। ফলে টু-জি নেটওয়ার্ক বন্ধ হলে এসব ফোনে প্রচলিত পদ্ধতিতে ভয়েস কল করার সুযোগ থাকবে না।

বিটিআরসির পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে গ্রাহক পর্যায়ে টু-জি সেবা পুরোপুরি বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত অক্টোবরে মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ বিষয়ে একটি রূপরেখা তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থাটি।

পরিকল্পনা অনুযায়ী, চলতি ডিসেম্বরের পর থেকে নতুন কোনো টু-জি ফোন মডেলের অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এসব ফোনের উৎপাদন এবং একই বছরের জুনের পর বিক্রি বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

যেসব ফোন আর চলবে না

টু-জি নেটওয়ার্ক বন্ধ হলে শুধু ওই প্রযুক্তির ওপর নির্ভরশীল হ্যান্ডসেটগুলো অচল হয়ে পড়বে। বিশেষ করে যেসব বাটন ফোনে ভোল্টি সুবিধা নেই, সেগুলো দিয়ে আর স্বাভাবিক ভয়েস কল করা সম্ভব হবে না। তবে বাটন ফোনের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। ভোল্টি প্রযুক্তি সমর্থন করে, এমন ফোর-জি বাটন ফোন আগের মতোই ব্যবহার করা যাবে।

ভোল্টি হলো এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ফোর-জি বা এলটিই নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস কল করা যায়। প্রচলিত টু-জি ও থ্রি-জি নেটওয়ার্কে কলের জন্য আলাদা সার্কিট-সুইচড পদ্ধতি ব্যবহৃত হলেও ভোল্টিতে ভয়েস কল সম্পন্ন হয় ফোর-জি ডেটা নেটওয়ার্কের মাধ্যমে।


কল করা যাবে যেভাবে

মোবাইল অপারেটররা বলছে, টু-জি সেবা বন্ধ হলেও গ্রাহকদের ভয়েস কল করার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে ভোল্টি প্রযুক্তি কিংবা হোয়াটসঅ্যাপের মতো ইন্টারনেটভিত্তিক ওভার দ্য টপ (ওটিটি) অ্যাপ ব্যবহার করা যাবে।

গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা তানভীর মোহাম্মদ বলেন, গ্রাহকদের মধ্যে ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ ব্যবহার করে কল করার প্রবণতা বাড়ছে। পাশাপাশি ভোল্টি প্রযুক্তির ব্যবহারও কিছুটা বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, টু-জি সেবা বন্ধ হলেও গ্রাহকেরা কল করতে পারবেন। এ জন্য ওটিটি অ্যাপ অথবা ভোল্টি প্রযুক্তি ব্যবহার করতে হবে।

টু-জি বন্ধের পর বাটন ফোনের ব্যবহার থাকবে কি না, এমন প্রশ্নে তানভীর মোহাম্মদ জানান, বাজারে ইতিমধ্যে ভোল্টি প্রযুক্তি ব্যবহারের উপযোগী কিছু ফোর-জি হ্যান্ডসেট রয়েছে।

টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ পরিবর্তনের ফলে সব বাটন ফোন বন্ধ হয়ে যাবে না। মূলত যেসব ফোন শুধু টু-জি নেটওয়ার্কের ওপর নির্ভরশীল, সেগুলোই অচল হবে।

সময়ের আলো/এসকে

  বিষয়:   বন্ধ  হচ্ছে  টু-জি  চলবে  কী  বাটন ফোন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: