মাঠে খেলা চলছে, আর মাঠের বাইরে রেকর্ড বুক ওলটপালট করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে ওয়াটার ব্রেকের বিরতিতে যখন ফুটবলাররা তৃষ্ণা মেটাতে ব্যস্ত, ঠিক তখনই পরিসংখ্যানের পাতা জানান দিচ্ছে পর্তুগিজ অধিনায়কের আরেকটি অবিস্মরণীয় কীর্তির কথা। উজবেকিস্তানের বিপক্ষে গোল করার মাধ্যমে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোলের বিশ্বরেকর্ড তো গড়েছেনই, সেই সাথে ইউরোপের ফুটবল ইতিহাসে আরেকটি অনন্য মাইলফলক নিজের করে নিয়েছেন রোনালদো।
আন্তর্জাতিক ফুটবলের বড় দুই মঞ্চ— বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে এখন পর্যন্ত ১১টি ভিন্ন বড় টুর্নামেন্টে গোল করার একক রেকর্ড গড়লেন এই মহাতারকা। ইউরোপীয় কোনো ফুটবলারের জন্য যা শুধু অভাবনীয়ই নয়, একপ্রকার অবিশ্বাস্য।
রোনালদোর এই কীর্তি কতটা বিশাল, তা স্পষ্ট হয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের দিকে তাকালে। ইউরোপের ফুটবল ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদোর পর সর্বোচ্চ ৬টি ভিন্ন বড় টুর্নামেন্টে গোল করার রেকর্ড রয়েছে জার্মানির জার্গেন ক্লিন্সম্যান, মিরোস্লাভ ক্লোসা এবং সুইজারল্যান্ডের জের্দান শাকিরির। অর্থাৎ, ইউরোপের অন্য যেকোনো কিংবদন্তির চেয়ে অন্তত ৫টি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করে ফুটবল বিশ্বে নিজের একচ্ছত্র আধিপত্য ধরে রাখলেন সিআরসেভেন।
সময়ের আলো/কহু