স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা আলভী দুই দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে

2026-06-24T17:47:53+00:00
2026-06-24T17:47:53+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আইন-আদালত
স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা আলভী দুই দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম 
জাহের আলভী। ছবি : সংগৃহীত
স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানির সময় আদালতে নিজের অবস্থান ব্যাখ্যা করে জাহের আলভী বলেন, বর্তমানে তিনি এমন এক পরিস্থিতির মধ্যে আছেন যেখানে কী করবেন, সেটাই বুঝে উঠতে পারছেন না। শোক পালন করবেন, নাকি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেবেন সেটি নিয়েও তিনি দিশেহারা।

আলভী বলেন, তাদের দুজনের সম্পর্ক ছিল প্রাপ্তবয়স্ক ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠা। প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেন। সংসারে স্বাভাবিক খুনসুটি, অভিমান ও ঝগড়া থাকলেও সম্পর্ক মোটেও খারাপ ছিল না। তার দাবি, এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যা ইকরাকে আত্মহত্যার মতো সিদ্ধান্তে ঠেলে দিতে পারে।

শুনানিতে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, অভিনেত্রী ইফফাত আরা তিথির হাতে মেহেদি দিয়ে লেখা ‘আলভী’ নামের যে ছবি ছড়ানো হয়েছে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তার ভাষ্য, মূল ছবিতে এমন কিছু লেখা ছিল না।


এ ছাড়া নেপালে নাটকের শুটিংয়ে যাওয়া নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আলভী বলেন, তিনি জন্মদিন উদযাপন করতে যাননি; বরং ছয়টি নাটকের কাজের জন্য সেখানে গিয়েছিলেন এবং তার সঙ্গে আরও অনেক মানুষ ছিলেন।

আদালতের কাছে জামিন চেয়ে আলভী বলেন, তার একটি সন্তান রয়েছে, যে ইতোমধ্যে মাকে হারিয়েছে। সন্তানটি আত্মীয়স্বজনের কাছে থাকলেও বাবার প্রয়োজন রয়েছে। সেই বিবেচনায় তাকে জামিন দেওয়ার অনুরোধ জানান তিনি।

এর আগে গত ২১ জুন মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর জোনাল টিমের গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আব্দুল মালেক আদালতে রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, ইকরাকে উদ্দেশ করে জাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক, মানসিক নির্যাতনমূলক ও উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিতেন।

এতে আরও উল্লেখ করা হয়, বিবাহিত থাকা অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি তিনি অন্য এক নারীর সঙ্গে ছবি পোস্ট করে উসকানিমূলক মন্তব্য করেন। মামলার প্রকৃত রহস্য উদঘাটন, অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং আসামির স্থায়ী ঠিকানা যাচাইয়ের জন্য রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।

এর আগে গত ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   অভিনেতা  জাহের আলভী 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: