টাঙ্গাইলের কালিহাতীতে একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলকে চাপা দিলে গোপাল চন্দ্র পণ্ডিত (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মলি (৫০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার রতনগঞ্জ-বল্লা সড়কের কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোপাল চন্দ্র পণ্ডিত উপজেলার কামার্থী গ্রামের বৃন্দাবন চন্দ্র পণ্ডিতের ছেলে।
সূত্রে জানা গেছে, রতনগঞ্জ থেকে বল্লাগামী একটি অজ্ঞাতনামা ট্রাক একই দিকে চলাচলকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সাইকেল আরোহী গোপাল চন্দ্র পণ্ডিতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে তালতলা এলাকার মলি (৫০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। অপর দুই যাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/এসএকে