খেলনা পিস্তল দেখিয়ে লুট, গণপিটুনিতে যুবকের মৃত্যু

রাঙ্গামাটি সংবাদদাতা

সারাদেশ

রাঙ্গামাটির রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় স্থানীয়দের হাতে আটক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। এ

2026-11-11T10:20:01+00:00
2026-11-11T10:24:23+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
খেলনা পিস্তল দেখিয়ে লুট, গণপিটুনিতে যুবকের মৃত্যু
রাঙ্গামাটি সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:২০ এএম  আপডেট: ১১.১১.২০২৬ ১০:২৪ এএম
চন্দ্রঘোনা থানা। ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় স্থানীয়দের হাতে আটক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অপর যুবক লুট করা টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখান দুই ব্যক্তি। পরে তারা ঘরের আলমারি থেকে নগদ দুই লাখ টাকা ও আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি নিয়ে পালানোর চেষ্টা করেন।

হেনা ত্রিপুরার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে মো. রফিক (২৩) নামে একজনকে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে তার সহযোগী মো. আকাশ (২৪) একটি আংটি ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আটক রফিককে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। সন্ধ্যা ৬টার দিকে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৮টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

পুলিশ জানায়, নিহত রফিকের বাড়ি বাঙ্গালহালিয়া ইউনিয়নের আবাসিক মুসলিম পাড়ায়। তার বাবার নাম মৃত আব্দুল জলিল। পলাতক আকাশের বাড়ি একই ইউনিয়নের সুফিপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী করিম। আকাশের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় আগে দায়ের করা একটি চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার এবং পলাতক আকাশকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের বলেন, বিকেল ৫টার দিকে স্থানীয়রা ওই যুবককে আটক করে মারধর করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   খেলনা পিস্তল  লুট  গণপিটুনি  যুবকের মৃত্যু  রাঙ্গামাটি  রাজস্থলী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: