
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে রাখা হয়েছিল। এ সময় দুর্বৃত্তরা ট্রেনের ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ‘ট’ বগির সাতটি টু-সিটার ও চারটি ফোর-সিটার আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাশের ‘জ’ বগির আসনে পেট্রোল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো অবস্থায় পাওয়া যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
এদিকে, ঘটনার পর ওয়াশিং ফিট এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মো. রুনি (২৬) ও মোরছালিন (১৮) নামে দুজনকে আটক করা হয়। তাদের বাড়ি কুমিল্লায়। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করেন।
অগ্নিকাণ্ডের কারণে তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/এনএন