নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেফতার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক

2026-11-11T07:47:31+00:00
2026-11-11T07:47:31+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
চিকিৎসককে মারধর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেফতার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ এএম 
চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালাম । ছবি : সময়ের আলো
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর থেকেই ইমরান খান সালামকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। গ্রেফতার এড়াতে তিনি নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নিজস্ব চেম্বারে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো চেম্বারে রোগী দেখছিলেন চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস। এ সময় মো. বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তার চেম্বারে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। বিষয়টি বেলায়েত হোসেন খান তার ছেলে ইমরান খান সালামকে জানান।

অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর যুবদল নেতা ইমরান খান সালাম ৩-৪ জনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসক আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন।

চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস সময়ের আলকে জানান, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলার পর ইমরান খান সালাম তার চেম্বারে প্রবেশ করে সরকারি কাজে বাধা দেন এবং অশ্লীল ভাষায় গালাগালসহ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম জানান, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।


ঘটনার পর চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং তারা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত সালামকে গ্রেফতার করা হয়েছে।

সময়ের আলো/এসকে





  বিষয়:   চিকিৎসক  মারধর  নিষিদ্ধ  ছাত্রলীগ  নেতা  বাড়ি  যুবদল  নেতা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: