রোহিঙ্গা শিবির পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও এডিনবার্গের ডাচেস সোফি হেলেন রিস-জোনস।মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী সফরে তিনি

2026-11-11T07:08:37+00:00
2026-11-11T07:09:00+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
রোহিঙ্গা শিবির পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:০৮ এএম  আপডেট: ১১.১১.২০২৬ ৭:০৯ এএম
রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও এডিনবার্গের ডাচেস সোফি হেলেন রিস-জোনস । ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও এডিনবার্গের ডাচেস সোফি হেলেন রিস-জোনস।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী সফরে তিনি রোহিঙ্গা নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান এবং মানবিক সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

সকালে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে ইউনিসেফের অর্থায়নে পরিচালিত কোডেক স্কুল পরিদর্শনের মধ্য দিয়ে তার দিনের কর্মসূচি শুরু হয়। পরে তিনি ২০, ৪ ও ৫ নম্বর আশ্রয়শিবিরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

দুপুরে ২০ নম্বর আশ্রয়শিবিরের এ-৫ ব্লকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে এবং পালসের উদ্যোগে পরিচালিত পিএইচএএলএস সাবান কারখানা ঘুরে দেখেন সোফি। সেখানে সাবান তৈরির বিভিন্ন ধাপ, উৎপাদন প্রক্রিয়া ও গুণগত মান যাচাইয়ের পদ্ধতি সম্পর্কে তাকে অবহিত করা হয়।

কারখানাটিতে রোহিঙ্গা শরণার্থীদের ব্যবহারের জন্য কাপড় ধোয়ার ও গোসলের সাবান তৈরি করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখানে প্রতিদিন প্রায় ১৫ হাজার সাবান উৎপাদিত হয়। পরে আইওএমের মাধ্যমে এসব সাবান রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।

সফরকালে কারখানায় কর্মরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর নারী এবং তরুণদের কর্মসংস্থান ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ সম্পর্কেও খোঁজ নেন ডাচেস। পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা কেন্দ্র, নারীদের বহুমুখী সেবাকেন্দ্র এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন জানান, রাজপরিবারের সদস্যের সফর ঘিরে আশ্রয়শিবির ও যাতায়াতের পথে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার দায়িত্ব পালন করা হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা এবং মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরকালে ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।


ব্রিটিশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, ৯ থেকে ১১ নভেম্বর তিন দিনের বাংলাদেশ সফরে এসেছেন সোফি। সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে আকাশপথে কক্সবাজারে পৌঁছান তিনি। মঙ্গলবার আশ্রয়শিবির পরিদর্শন শেষে বিকালে ঢাকায় ফিরে যান।

এ সফরে নারীর ক্ষমতায়ন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা বিশেষ গুরুত্ব পাচ্ছে। ঢাকায় সফরকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়ন নিয়ে তাদের আলোচনা হওয়ার কথা।

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় এবং বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উদ্যাপনেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের অনুরোধে বাংলাদেশ সফর করছেন ডাচেস সোফি। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন তিনি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   রোহিঙ্গা  শিবির  পরিদর্শন  ব্রিটিশ  রাজপরিবার  সদস্য  ডাচেস সোফি হেলেন রিস-জোনস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: