গোপালগঞ্জে মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় তারা। টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন সড়ক থেকে তোলা । ছবি : সময়ের আলোদেশজুড়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুনে ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে। ঢাবিতে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক গাড়িচালক। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে অবরোধ, মিছিল ও সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১১ জেলায় গাড়িতে আগুন : পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা মহানগরে চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম মহানগর এলাকায়ও তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুর জেলায় ১৫টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় দুটি করে গাড়িতে আগুন দেওয়া হয়। ডিএমপি সূত্র বলছে, গত সোমবার রাতে রাজধানীর ফার্মগেট, পল্লবী এলাকায় দুটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল গভীর রাতে পুরান ঢাকার সদরঘাট সড়কে দুটি মিনিট্রাকে আগুন দেওয়া হয়।
ঢাকার ২০ জায়গায় ককটেল বিস্ফোরণ : ডিএমপি সূত্র বলছে, গত সোমবার বিকাল থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকার ২০টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। ডিএমপির মুখপাত্র উপকমিশনার আকতার হোসেন বলেন, নাশকতার সঙ্গে জড়িতদের অনেককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। শহরজুড়ে নিরাপত্তা জোরদার ও টহল বাড়ানো হয়েছে।
ফরিদপুরে প্রাণ গেল চালকের : ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসে ঘুমিয়ে থাকা চালক মো. কালাচাঁদ (৫০) এর মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন। বাসটির নিবন্ধন নম্বর ফরিদপুর-ব-১১-০১৮২। বাসের মালিক শহরের রথখোলা সিংপাড়া এলাকার বাসিন্দা তপন কুমার দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক মো. কালাচাঁদ বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে তিনি বাসের ভেতরে আটকে পড়েন। এক পর্যায়ে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর সময় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন বাসচালক কালাচাঁদ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসে আগুন এবং বাসচালকের মৃত্যুর ঘটনা নিয়ে শ্রমিকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিহত বাস চালকের পরিবারকে আর্থিক সহায়তা দিতে সরকারের কাছে দাবি জানানো হয়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, একটি মোটরসাইকেলে তিনজন এসে বাসে আগুন দেয়। তাদের মধ্যে একজন পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়জী বলেন, দৃষ্কৃতকারীরা নতুন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়। এতে বাসের মধ্যে ঘুমিয়ে থাকা চালক মারা যায়। এ ঘটনায় পুলিশ দুর্বৃত্তদের শনাক্তে কাজ করছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই তাদের আইনের আওতায় আনা হবে।
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়। মঙ্গলবার সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যান। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করেন। এরপর মিছিল নিয়ে আবার পাটগাতী বাসস্ট্যান্ডে ফেরার পর পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সংঘর্ষের মধ্যে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। তারা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত ও যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে দুপুর ১টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লঞ্চঘাট সেতুর এক পাশে বিক্ষোভকারীরা এবং অন্য পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থানে দেখা যায়। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চট্টগ্রামে বাসে আগুন, কেটে দেওয়া হয়েছে হোসপাইপ : চট্টগ্রাম নগরীর পৃথক দুটি এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কেটে দেওয়া হয়েছে নগরীর বটতলী স্টেশন এলাকায় রাখা চবিগামী শাটল ট্রেনের হোসপাইপ। এ ছাড়াও জেলার আনোয়ারা ও হাটহাজারী উপজেলায় সড়ক অবরোধ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। অন্যদিকে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার বিরুদ্ধে মিছিল সমাবেশে সক্রিয় আছে ছাত্রদল, ছাত্রশিবির ও এনসিপির কর্মীরা। এসব সংগঠনের উদ্যোগে সোমবার মধ্যরাতে বিভিন্ন স্থানে পৃথকভাবে মিছিল করা হয়। মিছিল হয়েছে মঙ্গলবার সকালে ও দুপুরেও। মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন সেøাগান।
সোমবার গভীর রাতে বটতলী স্টেশনে ট্রেনের হোসপাইপ কাটা হয়। মঙ্গলবার ভোর রাতে নগরীর মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় দুই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে আগুন দেওয়ার সময় দুই বাসে কোনো যাত্রী বা চালক ছিলেন না। অন্যদিকে বটতলী স্টেশন এলাকায় শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়া হলেও ট্রেনে বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানান রেলওয়ের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ জানায়, মঙ্গলবার ভোর রাত পৌনে ৪টার দিকে নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর মঙ্গলবার ভোর ৫টার দিকে সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।
পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার বলেন, পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী বহনে যুক্ত শাটল ট্রেনের হোসপাইপ কেটে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গত সোমবার গভীর রাতে নগরীর বটতলী স্টেশন এলাকায় রাখা শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়া হয়।
রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) তারেক মো. ইমরান বলেন, সোমবার রাতে বটতলী স্টেশন এলাকায় রাখা শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে দ্রুত মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ : শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল লোক। মঙ্গলবার রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। বিভিন্ন ফেসবুক আইডি থেকে এসব ঘটনার সরাসরি সম্প্রচার করা হয়। এর মধ্যে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিও রয়েছে।
ভিডিওতে অবরোধকারীদের প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে অবস্থান করতে দেখা যায়। এতে সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুরের দৃশ্যও দেখা গেছে। তবে বিস্ফোরণ ও ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নেত্রকোনায় হাওড় এক্সপ্রেসে আগুন : নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে গেছে।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। পরে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। তবে ট্রেনটি যথাসময়ে অর্থাৎ সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। মোহনগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে প্রবেশ করে। থামার পর যাত্রীরা চলে যায়। এ সময় ট্রেনের গার্ড ও কর্মীরাও নেমে বাইরে খাবার খেতে যায়। ট্রেনে ওই সময় কোনো লোকজন ছিল না। এই সুযোগে একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা ছুটে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভায়।
চার জেলায় বাড়তি নজর : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়। মঙ্গলবার সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এর আগে গত সোমবার গভীর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার সামনে লগি-বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই চার জেলার পুলিশ সুপারদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। সংশ্লিষ্ট সূত্র বলছে, কোথাও যেন লোকজন জড়ো হয়ে বড় নাশকতা করতে না পারে, সে জন্য সজাগ থাকতে বলা হয়েছে।
আইজিপি আলী হোসেন ফকির গতকাল পুলিশ সদর দফতর থেকে অনলাইনে সারা দেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সম্প্রতি নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশনা দেন। তবে আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেফতার না করার জন্য পুলিশ সুপারদের বলেছেন আইজিপি।
সময়ের আলো/প্রিন্ট/আতা