প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১৪ পিএম
পাটগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীতগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সুজন মোল্লা নামে এক ছাত্রলীগ কর্মী নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, সুজনসহ তিনজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ব্যাংকের শাখাটিতে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এ সময় সুজনকে বলতে শোনা যায়, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়ায় হবে না।’ পরে তারা ব্যাংকের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।
শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে তারা বাইরে কাজ করছিলেন। দুপুরে পেট্রোলবোমা নিক্ষেপের খবর পেয়ে কার্যালয়ে আসেন। এতে ভেতরে কোনো ক্ষতি হয়নি। তবে একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হননি। যারা হামলা করেছেন, তারাই আবার ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন