প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ পিএম
মো. মহিউদ্দিন তালুকদার। ছবি : সংগৃহীতবরিশালের গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন আশোকাঠী ফিলিং স্টেশনের কর্মচারী মো. মহিউদ্দিন তালুকদার। তিনি স্টেশনের দায়িত্বে ছিলেন। সোমবার (৯ নভেম্বর) দুপুর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানিয়েছেন, সোমবার বেলা তিনটার দিকে প্রতিষ্ঠানের চার লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয় মহিউদ্দিন তালুকদার। এরপর থেকে সে নিখোঁজ রয়েছেন। পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়ি সংলগ্ন জঙ্গলের পাশ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে রাত বারোটা পর্যন্ত মহিউদ্দিন তালুকদারের কোনো খোঁজ মেলেনি।
অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের মহিউদ্দিন তালুকদার আশোকাঠী ফিলিং স্টেশনের একজন দায়িত্বশীল কর্মচারী ছিলেন। হঠাৎ করে তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও সহকর্মীদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
এ ঘটনায় ওইদিন রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিখোঁজ কর্মচারীকে উদ্ধার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত ও অভিযান চলছে।
সময়ের আলো/এনএন