প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:০৩ পিএম
বৈছাআর হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান। ছবি : সংগৃহীতদেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নিম্ন আদালতের দুটি আদেশ বাতিল চেয়ে রিভিশন আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান।
রোববার (৮ নভেম্বর) তিনি এ আবেদন করেন। এতে গত ১৫ মার্চ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি এবং ২৬ অক্টোবর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজের আদেশ বাতিল চাওয়া হয়েছে। বিষয়টি সম্প্রতি জানা গেছে।
রিভিশন আবেদনে বলা হয়, ৩ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার হন মাহাদী। পরদিন জামিন পাওয়ার পর থেকে নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা গত ২৭ ফেব্রুয়ারি তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ মার্চ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জল, স্থল ও আকাশপথে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
তবে নিষেধাজ্ঞার আগে তাকে কোনো নোটিশ দেওয়া বা বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি বলে আবেদনে দাবি করেছেন মাহাদী। এ কারণে আদেশের বিষয়টি তিনি জানতেন না বলেও উল্লেখ করেন।
আবেদনে বলা হয়, গত ৮ অক্টোবর উচ্চশিক্ষার জন্য জামাইকা যাওয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে নিষেধাজ্ঞার বিষয়টি জানতে পারেন তিনি। ফলে তাঁকে বিমানবন্দর থেকেই ফিরে আসতে হয়।
পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে সংশ্লিষ্ট আদালতে আবেদন করেন মাহাদী। তবে গত ২৬ অক্টোবর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অপরাজিতা দাশ তাঁর আবেদন খারিজ করে দেন।
ওই আদেশে আদালত উল্লেখ করেন, একই বিষয়ে একবার আদেশ দেওয়ার পর একই আদালতে পুনরায় তা বিবেচনার সুযোগ নেই। এ যুক্তিতে মাহাদীর আবেদন নামঞ্জুর করা হয়। এবার ওই দুই আদেশ বাতিল চেয়ে রিভিশন আবেদন করেছেন তিনি।
সময়ের আলো/কেএইচও