প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৩১ পিএম
অভিযুক্ত দুই শিক্ষক। ছবি : সংগৃহীতপিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেণির ছাত্রী ও সহকারী শিক্ষিকাকে যৌন নিপীড়নের পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল এবং ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে টিফিনের বিরতির সময় সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১২ বছর বয়সী ছাত্রীকে লাইব্রেরিতে ডেকে নেন শিক্ষক লিটন চন্দ্র পাল। সেখানে তাকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, ওই শিক্ষক ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জড়িয়ে ধরে আটকে রাখেন।
এ ঘটনায় ছাত্রীর মা গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে একই দিন প্রতিবেদন জমা দেন। এতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরির বিধি অনুযায়ী লিটন চন্দ্র পালকে সাময়িক বরখাস্ত করা হয়।
অন্যদিকে, পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনায়ও প্রাথমিক তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, পৃথক দুটি অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়া হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন