প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৭:৩০ পিএম
আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। এ ঘটনায় শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতির কারণে শিল্পাঞ্চলের অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্তপুর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিশ্চিন্তপুরের নিউ এইজ পোশাক কারখানায় কাজে যোগ দিতে গিয়ে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হলে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পরে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে এনভয় ও স্টারলিং স্টাইলস কারখানার সামনে শ্রমিক-পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে স্টারলিং স্টাইলসের শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগমসহ অন্তত ১২ জন শ্রমিক এবং তিন পুলিশ সদস্য আহত হন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ ও এনভয় এবং স্টারলিং কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। কোনো রাবার বুলেট ছোড়া হয়নি। শ্রমিকদের ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/কেএইচও