রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা। সংগৃহীত ছবিরাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত এবং এর সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের কথাও জানান।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তা ও প্রেস বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানান নতুন জয় চাকমা।
ভিডিও বার্তায় তিনি সাজেকের চলমান পরিস্থিতির জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেন। তার অভিযোগ, সংগঠনটি সড়ক অবরোধকে কেন্দ্র করে উসকানি ও প্ররোচনা দিচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত করতে চাপ প্রয়োগ ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
নতুন জয় চাকমার দাবি, দীর্ঘদিনের অবরোধে সাজেকের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হওয়ায় খাদ্যদ্রব্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
নিজের বক্তব্যে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের গঠন ও পরিচালনা নিয়েও অভিযোগ তোলেন তিনি। নতুন জয় চাকমার ভাষ্য, সংগঠনটির গঠনপ্রক্রিয়া ও পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হলেও এর কার্যক্রমে ইউপিডিএফের সরাসরি সম্পৃক্ততা ছিল। বিভিন্ন সময়ে তার নামে এমন বিবৃতিও প্রকাশ করা হয়েছে যেগুলো সম্পর্কে তিনি অবগত ছিলেন না।
একইভাবে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ নামের সংগঠনটিও ইউপিডিএফ নিজেদের দলীয় স্বার্থে গঠন করেছে বলে অভিযোগ করেন নতুন জয় চাকমা। এসব সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ইউপিডিএফের সঙ্গে নিজের অতীত সম্পৃক্ততার কথা উল্লেখ করে নতুন জয় চাকমা বলেন, সংগঠনটির নিয়ন্ত্রণে থাকাকালে সাধারণ মানুষকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার প্রবণতা তিনি দেখেছেন।
তার অভিযোগ, কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে মৃত্যুর হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখানো হতো। চলমান অবরোধেও অনেককে তাদের ইচ্ছার বিরুদ্ধে অংশ নিতে এবং কর্মসূচির পক্ষে অবস্থান নিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে।
নতুন জয় চাকমা আরও বলেন, একজন কার্বারি হিসেবে নিজ এলাকার মানুষের স্বার্থ, অধিকার ও নিরাপত্তা রক্ষা করা তার দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দায়িত্ব পালনের পরিবেশ না থাকায় তাকে নিজের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে হয়েছে। তার দাবি, ব্যক্তিগত প্রতিশোধ বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নয় সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই তিনি এসব বিষয় প্রকাশ্যে এনেছেন।
ভিডিও বার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ, সংগঠনটির কমিটি বিলুপ্ত এবং সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে তার পক্ষ থেকে আগে ঘোষিত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের কথাও জানান।
বক্তব্যের শেষাংশে নতুন জয় চাকমা বলেন, তার অবস্থান কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় বরং সাজেকের সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তার পক্ষে। জীবনের ঝুঁকি থাকলেও এলাকার মানুষের কল্যাণে সত্য প্রকাশ ও ন্যায়সংগত অবস্থান থেকে সরে আসবেন না বলেও জানান তিনি।
সময়ের আলো/ইউএমএইচ